
নিউজ ডেস্কঃ গাইবান্ধা জেলার তিস্তা ,যমুনা ও ব্রহ্মপুত্র নদীর প্রায় ২০টি পয়েন্টে শুকনো মৌসুমে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে ফুলছড়ি উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানসহ ৪ শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন আতঙ্কে রয়েছে কয়েক হাজার পরিবার । ভাঙনের শিকার মানুষগুলোর দাবি খুব শিগগিরই ভাঙন রোধে ব্যবস্থা না নিলে হাজার হাজার পরিবার গৃহহারা হয়ে যাবে।
নদীর পানি বাড়তে থাকায় ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের সিংড়িয়া, উড়িয়ার রতনপুর, কালাসোনা, গজারিয়ার কামারপাড়া, জিয়াডাঙ্গা, কঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর, পূর্ব কঞ্চিপাড়া, জোড়াবাড়ি, সাতারকান্দি, ফজলুপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর ও খাটিয়ামারী গ্রাম এবং সাঘাটা উপজেলার গোবিন্দী ও গজারিয়া ইউনিয়নের জিয়াডাঙ্গা গ্রাম ও ঘুরিদহ ইউনিয়নের চিনিরপটল হলষ্টিয়া ইউনিয়নের গোবিন্দ পুর গ্রামে নতুন করে ভাঙন দেখা দিয়েছে ।
ফুলছড়ি উপজেলার ভুক্তভোগীরা বলেন, যেভাবে নদী ভাঙছে তাতে আর এখানে মোটেও থাকা যায় না। শুকনো মৌসুমে এমন ভাঙন আমরা আগে কোনোদিন দেখিনি। ভাঙনের কারণে এলাকা ছেড়ে চলে যাচ্ছি। সারা রাত জেগে পাহারা দেই। কখন নদী ভেঙ্গে যায়। জল বাড়তে আছে আর আমরা ঘর-বাড়ী সরাচ্ছি।
ফজলুপুর ইউনিয়নের উত্তর খাটিয়ামারী, চন্দনস্বর, পূর্ব খাটিয়ামারী, পশ্চিম খাটিয়ামারী, কুচখালী, কাউয়াবাঁধাসহ আশে পাশের প্রায় ৫ কিলোমিটার এলাকার লোকজন ভাঙন আতঙ্কে সরে যেতে শুরু করেছে। অনেকেই অন্যত্র আশ্রয় নিয়েছে। কেউ কেউ বাড়ী-ঘর সড়াচ্ছে এবং ভাঙন কবলিত এলাকার গাছ পালা কেটে নিচ্ছে। এছাড়াও সাঘাটা-ফুলছড়ি উপজেলার প্রায় ২০ টি পয়েন্টে নদী ভাঙন দেখা দিয়েছে।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাহ বলেন, ফুলছড়ি উপজেলটি একটি নদী ভাঙন কবলিত এলাকা। এই উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়ন নদী গর্ভে আবস্থিত। ইতিমধ্যে কয়েকটি স্থাপনাসহ গ্রাম নদীগর্ভে চলে গেছে ।