
নিউজ ডেস্কঃ পাট কেনা, শ্রমিকদের পাওনা পরিশোধ এবং বেতন দিতে ২০০ কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়। আরও ২৬০ কোটি টাকা জুলাইয়ের প্রথম সপ্তাহে ছাড় করা হবে। সম্প্রতি বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) জন্য এক হাজার কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে প্রথম ধাপে এ টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়। অর্ধেকের বেশি অর্থ শর্তসাপেক্ষে ছাড় করা হবে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে ।
অর্থ ছাড়ের বিষয়টি নিশ্চিত করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব এম এ কাদের সরকার। তিনি বলেন, কিছু কারখানায় বেতনের পাশপাশি অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের বড় অঙ্কের বকেয়া রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ছাড় করা অর্থ দিয়ে বকেয়া পরিশোধ করা হবে। অর্থ সংকটের কারণে ২০১০ সালের পর থেকে অবসরপ্রাপ্তদের পাওনা পরিশোধ করা সম্ভব হয়নি। ফলে জটিলতা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, প্রথম ধাপের অর্থ দিয়ে বেতন এবং বকেয়া পরিশোধের পাশাপাশি পাট কেনা হবে। অবশিষ্ট অর্থ ধাপে ধাপে পাওয়ার আশা করা হচ্ছে ।
অর্থ মন্ত্রণালয়ের দেওয়া ২০০ কোটি টাকার মধ্যে ১০০ কোটি টাকা কাঁচামাল কিনতে ব্যয় হবে। ৬০ কোটি টাকা বকেয়া বেতন পরিশোধে ব্যয়ের নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। অবশিষ্ট ৪০ কোটি টাকা ২৬টি পাটকলে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের-কর্মচারীদের পাওনা পরিশোধে ব্যয় করা হবে। অর্থ ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন তিন মাসের মধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশও দিয়েছে অর্থ বিভাগ। দ্বিতীয় ধাপে পাট কেনায় ২৬০ কোটি টাকা আগামী জুলাইয়ে ছাড় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে অবশিষ্ট ৫৪০ কোটি টাকা শর্ত সাপেক্ষে ছাড় করবে অর্থ মন্ত্রণালয় ।
অর্থ মন্ত্রণালয়ের বাজেট বিভাগের এক কর্মকর্তা বলেন, শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এক হাজার কোটি টাকার অর্থের একটি অংশ দ্রুত ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু পাটকলগুলোকে পাঁচ বছরের মধ্যে লোকসান থেকে বেরিয়ে আসার জন্য পদ্ধতিগত পরিবর্তন আনা হবে। কারণ আন্দোলন হলেই অর্থ দেওয়া কোনো সমাধান নয়। ক্রমেই চাহিদা বাড়তে থাকবে। এ জন্য অর্থ মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কারিগরি কমিটি শর্তগুলো নির্ধারণ করবে। বিশেষ করে পাটকলগুলোর লোকসান কমাতে কর্মপরিকল্পনা নির্ধারণ এবং ব্যবস্থাপনার উন্নয়ন ঘটানো হবে ।