
নিউজ ডেস্কঃ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ২০৫ নম্বর শিশু সার্জারি ওয়ার্ডের ২ নম্বর বিছানায় (পর্যবেক্ষণ) ফুটফুটে কন্যার অভিভাবক এখন সবাই। হাসপাতালের ডাক্তার, নার্স, ব্রাদার, চতুর্থ শ্রেণির কর্মচারী, চিকিৎসাধীন রোগীর স্বজন সবার নয়নের মণি সাতদিন বয়সী ওই নবজাতক। কাজের ফাঁকে, অবসরে সময় বের করে সবাই তাকে আদর করছে। খোঁজ-খবর নিচ্ছে।
জানাগেছে গত ১৬ এপ্রিল ঢামেক হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ফুটফুটে শিশুটির জন্ম হয়। কিন্তু জন্ম হয় তার কিছু শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে। এই সাত দিনের মধ্যে শিশুটির শরীরে একটি অস্ত্রোপচারও করা হয়।
তবে শুরু থেকেই অসন্তুষ্ট শিশুটির বাবা-মা। শিশুটির মা ওয়ার্ডে থাকা রোগীর স্বজনদের বলেন, ‘ছেলে হলেই ভালো হতো। এবারও কন্যা সন্তান। আগেও আমার মেয়ে হয়েছে। আমার স্বামী আমাকে তালাক দেবে’।
এর পর থেকে গত চারদিন যাবৎ শিশুটির বাবা-মা লাপাত্তা। ওয়ার্ড বয় ওসমান জানান, কন্যা সন্তান হওয়ায় শিশুটির বাবা-মা তাকে ফেলে গেছে। অন্যান্য রোগীর সঙ্গে থাকা স্বজনদের সঙ্গে কথা বলে আমরা এমনটাই জানতে পেরেছি। শিশুটির ভর্তি ফাইলে অভিভাবকের নাম লেখা রয়েছে মনির।
একই ওয়ার্ডের ২৫ নম্বর বিছানায় চিকিৎসাধীন হামিম (৭)। তার মা হেনা বেগম জানান, ফুটফুটে শিশুটির মা আমাকেও বলেছে- ‘কন্যা সন্তান হয়েছে, আমার স্বামী আমাকে তালাক দেবে’। মায়ের বয়স ১৭ বছর হবে, তার স্বামীর বয়সও ২০ বছরের বেশি হবে না।