News71.com
 Bangladesh
 13 Nov 17, 10:50 AM
 135           
 0
 13 Nov 17, 10:50 AM

‘সাধারণ জনতা পার্টি’ নামের আরেকটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ।।

‘সাধারণ জনতা পার্টি’ নামের আরেকটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ।।

নিউজ ডেস্কঃ ঢাকার শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুজন শিক্ষকের নেতৃত্বে আরেকটি নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে ‘সাধারণ জনতা পার্টি’ নামের নতুন এই দলের আত্মপ্রকাশ ঘোষণা করা হয়। দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক হলেন যথাক্রমে বোরহানুদ্দীন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. ছরোয়ার হোসেন এবং একই কলেজের একই বিভাগের চেয়ারম্যান নাজনীন জাহান। নির্বাচন কমিশনে নিবন্ধিত হলে আগামী জাতীয় নির্বাচনে সাধারণ জনতা পার্টি শতাধিক আসনে প্রার্থী মনোনয়ন দেবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এর আগে ২০ সেপ্টেম্বর ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি) নামের একটি নতুন দল আত্মপ্রকাশ করে। এরপর ২২ সেপ্টেম্বর বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) নামের আরেক দল আত্মপ্রকাশ করে। সাধারণ জনতা পার্টি গঠনের বিষয়ে দলটির সভাপতি ড. ছরোয়ার হোসেন বলেন,তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে চান। তিনি একসময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এখনো সেই রাজনীতির ধারা ধরে রাখতে চান।

তিনি বলেন,এখন মুক্তিযুদ্ধের সপক্ষের যে সরকার ক্ষমতায় আছে তাদের কাছে নতুন এই দলের পক্ষ থেকে তাঁরা শিক্ষিত বেকারদের কর্মসংস্থানসহ ৯ দফা প্রস্তাব করবেন। এ ছাড়া শিগগিরই নির্বাচন কমিশনে দলের নিবন্ধনের জন্য আবেদন করবেন। দলটির সাধারণ সম্পাদক নাজনীন জাহান বলেন,তিনি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন। এখন এ বিষয়ে শিক্ষকতা করছেন। তিনি চান,রাষ্ট্রব্যবস্থায় যেন কোনো মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়। সবার জন্য রাজনৈতিক দল গড়াই তাঁদের লক্ষ্য। আগামী দিনে ভালো লোকজন এলে তিনি তাঁর পদ ছাড়তেও দ্বিধা করবেন না বলে জানান।

বিএনপি কার্যালয়ের কাছে রাজধানীর নয়াপল্টনের ৮৮/৩ নম্বর ভবনে সাধারণ জনতা পার্টির কার্যালয়। গতকাল সংবাদ সম্মেলনে ১০ জন সহসভাপতি,১০ জন যুগ্ম সাধারণ সম্পাদক,প্রতিটি বিভাগে দুজন সাংগঠনিক সম্পাদক রেখে দলটির ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির কথা জানানো হয়। এ ছাড়া খুলনা, চট্টগ্রাম, বরিশাল,কুষ্টিয়াসহ কয়েকটি জেলায়ও এই নতুন দলের কমিটি করা হয়েছে বলে জানানো হয়। মানবিক উন্নয়নের জন্য দলটির পক্ষ থেকে ৯ দফা প্রস্তাব দাখিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে : মুক্তিযুদ্ধের চেতনায় একটি শোষণমুক্ত ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা,প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা,পাবলিক পরীক্ষায় উত্তীর্ণদের চাকরি পাওয়ার ন্যূনতম নিশ্চয়তা প্রদান করা ইত্যাদি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন