
নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ভূঞাপুরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসনের আওতায় চার হাজার ২২ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এসব কৃষি উপকরণের মধ্যে রয়েছে ভুট্টা, সরিষা, মাসকলাই, চীনা বাদাম,খেসারি কলাই, বোরো ধান, তিল, বিটি বেগুনের বীজ এবং সার। ভূঞাপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,চলতি মৌসুমে উপজেলায় কৃষি প্রণোদনা ও পুনর্বাসনের আওতায় চার হাজার ২২ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। প্রণোদনা হিসেবে দুই হাজার ৭২২ জন কৃষকের মধ্যে ৯৫০ জন পেয়েছে এক বিঘা করে জমির জন্য দুই কেজি ভুট্টা,২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।
৮৫০ জন কৃষক পেয়েছে এক বিঘা করে জমির জন্য এক কেজি করে সরিষা,২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ৫০০ জন কৃষক পেয়েছে এক বিঘা করে জমির জন্য ১০ কেজি মাসকলাই,১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার। ১২০ জন কৃষক পেয়েছে এক বিঘা করে জমির জন্য ১০ কেজি চীনা বাদাম,১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার। ৩০০ জন কৃষক পেয়েছে এক বিঘা করে জমির জন্য এক কেজি তিল,২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং দুইজন কৃষক পেয়েছে এক বিঘা করে জমির জন্য ১০ গ্রাম বিটি বেগুন বীজ, ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার।
এ ছাড়া কৃষি পুনর্বাসনের আওতায় এক হাজার ৩০০ জন কৃষকের মধ্যে ১০০ জন পেয়েছে এক বিঘা করে জমির জন্য দুই কেজি ভুট্টা,২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ৩০০ জন কৃষক পেয়েছে এক বিঘা করে জমির জন্য এক কেজি সরিষা, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ১২০ জন কৃষক পেয়েছে এক বিঘা করে জমির জন্য ১৫ কেজি চীনা বাদাম,পাঁচ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ২৫০ জন কৃষক পেয়েছে এক বিঘা করে জমির জন্য আট কেজি খেসারি কলাই,১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। ৪৫০ জন কৃষক পেয়েছে এক বিঘা করে জমির জন্য পাঁচ কেজি বোরো ধান বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।
পুনর্বাসনের জন্য প্রত্যেক কৃষককে ১০০ গ্রাম করে লাল শাকের বীজ, ১০০ গ্রাম মুলা, ১০০ গ্রাম পালং শাক ও ৫০ গ্রাম বারমাসি কুমড়া বীজ দেওয়া হয়। ভূঞাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, কৃষকদের কৃষি কাজে উৎসাহিত করার জন্য কৃষি প্রণোদনা ও বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য কৃষি পুনর্বাসনের আওতায় মোট চার হাজার ২২ জন কৃষককে বিভিন্ন ধরনের বীজ ও সার দেওয়া হয়েছে।