News71.com
 Bangladesh
 24 Apr 16, 12:11 PM
 655           
 0
 24 Apr 16, 12:11 PM

বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রায় ৫ হুমকি !!

বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রায় ৫ হুমকি !!

নিউজ ডেস্ক : বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রায় পাঁচটি বড় ধরনের বাঁধা বা হুমকি রয়েছে। এগুলো হলো দুর্নীতি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ধর্মীয় অসহিষ্ণুতা, জলবায়ু পরিবর্তন, দ্রুত নগরায়ণ এবং শিক্ষিত বেকার। গতকাল শনিবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) আয়োজনে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উন্নয়ন নিয়ে দুই দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বিআইডিএসের উপস্থাপিত মূল প্রবন্ধে এ পাঁচটি হুমকির কথা বলা হয়।'এ যাবৎ অগ্রগতি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইডিএসের মহাপরিচালক কে এ এস মুরশিদ। এখন কোন প্রেক্ষাপটে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, এমন ছয়টি বিষয় তুলে ধরা হয় মূল প্রবন্ধে। প্রথমত, বাংলাদেশে একটি স্বতন্ত্র পুঁজিবাদী শ্রেণির উদ্ভব হয়েছে। এটা একটি বড় অর্জন। এ শ্রেণির উদ্ভবের ফলে বৃহৎ, আস্থাশীল ও আগ্রাসী বেসরকারি খাত তৈরি করেছে, যা ইতিবাচক ভবিষ্যতের ইঙ্গিত করে। দ্বিতীয়ত, বেসরকারি সংস্থাগুলো এখন উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে, যা অতুলনীয়। তৃতীয়ত, প্রযুক্তির ব্যবহার করে কৃষি ও তৈরি পোশাকসহ উৎপাদন খাতের পরিবর্তন এসেছে। চতুর্থত, নব্বইয়ের দশকে বাণিজ্য উদারীকরণ ও কাঠামোগত নীতি সংস্কারের ফলে দুই দশক ধরে সুফল পাওয়া গেছে। ভবিষ্যতে সংস্কার করা হলে তা-ও বেগবান করবে অর্থনীতিকে। পঞ্চমত, এযাবৎ ব্যাপকতর ও অর্থবহ প্রাতিষ্ঠানিক সংস্কার হয়নি। তৃণমূল পর্যায়ে প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে। ষষ্ঠত, বাংলাদেশে গর্ব করার মতো সুশীল সমাজ রয়েছে। তবে এ সুশীল সমাজ দুর্বল এবং পরিষ্কারভাবে বিভক্ত।

মূল প্রবন্ধে আরও বলা হয়, ১৯৯০ সাল থেকে বছরে গড়ে সাড়ে ৫ থেকে সাড়ে ৬ শতাংশ হারে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হচ্ছে। এর সুফল দরিদ্র মানুষেরাও পাচ্ছে, যা দারিদ্র্য বিমোচন ত্বরান্বিত করেছে। গত কয়েক বছরে কৃষিভিত্তিক কর্মসংস্থান দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এমন প্রেক্ষাপটে মূল প্রবন্ধ উপস্থাপক কে এ এস মুরশিদ তিনটি প্রশ্ন তোলেন। কৃষি খাত কি এমন ভূমিকা অব্যাহত রাখতে পারবে? ভবিষ্যতে কি কৃষিবহির্ভূত খাতে বেশি গুরুত্ব দেব? উৎপাদন খাত, বিশেষ করে তৈরি পোশাক খাত কেন দারিদ্র্য বিমোচনে বড় ভূমিকা রাখতে পারছে না? তাঁর মতে, আশঙ্কাজনকভাবে মানুষের মধ্যে বৈষম্য বেড়ে চলেছে। প্রবৃদ্ধি বৃদ্ধির প্রথম পর্যায়ে এ ধরনের বৈষম্য বাড়ে। তবে পূর্ব এশিয়ার দেশগুলো এ ধরনের ফাঁদ এড়িয়ে যেতে পেরেছে। মূল প্রবন্ধের ওপর বিশেষ আলোচকেরা বক্তব্য দেন।

সন্মেলনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, সর্বশেষ শ্রমশক্তি জরিপে দেখা গেছে, দুই বছরে মাত্র ছয় লাখ কর্মসংস্থান হয়েছে। ফলপ্রসূ কর্মসংস্থানের দিকে বেশি নজর দিতে হবে। এ জন্য মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষা খাতের ওপর জোর দেন তিনি। তিনি উদাহরণ দেন, বাংলাদেশ প্রতিবছর গড়ে দেড় হাজার কোটি ডলারের প্রবাসী-আয় পায়। আবার দক্ষ মানবসম্পদ না থাকায় প্রতিবছর এ দেশ থেকে ৫০০ কোটি ডলার বিদেশে চলে যাচ্ছে।

এ প্রসঙ্গে হোসেন জিল্লুর রহমান বলেন, পদ্মা সেতুর মতো বড় প্রকল্প হচ্ছে। কিন্তু এক হাজার মানসম্পন্ন মাধ্যমিক স্কুল তৈরি করা হচ্ছে না। তৃণমূল পর্যায়ের মানুষের উন্নয়নের মধ্য দিয়েই প্রবৃদ্ধির সুফল পেতে হবে। আবার মানসম্পন্ন নাগরিক জীবনও থাকতে হবে।

হোসেন জিল্লুর রহমান বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রায় অর্থনীতি ও রাজনীতি বেশ গুরুত্বপূর্ণ। এ মুহূর্তে রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে, আবার অনিশ্চয়তাও আছে। এটি স্ববিরোধী হলেও সত্য। প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, প্রবৃদ্ধি হলো একটি পরিসংখ্যানগত বিষয়। অনেকে বলেন, ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়নি। এর ফলে যতটুকু প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, সেই সফলতার গল্পটা বলা হয় না।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সাদ আন্দালিব বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করার পাশাপাশি বিনিয়োগ-প্রক্রিয়াও সহজ করতে হবে। নির্বাচনের মাধ্যমে ক্ষমতার হস্তান্তর মসৃণ প্রক্রিয়ায় হতে হবে, যা বিদেশি বিনিয়োগের কাছে ইতিবাচক বার্তা পৌঁছাবে। পরিকল্পনাসচিব তারিক উল ইসলাম বলেন, দেশে দুই কোটি অতিদরিদ্র লোক আছে। তাদের কথা মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা করা উচিত।

উদ্বোধনী অধিবেশনের শুরুতেই প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বক্তব্য দেন। তিনি বলেন, যেকোনো দেশের উন্নয়নের পর্যায়ে কিছু বৈষম্য সৃষ্টি হয়। এ বৈষম্য দূর করতে সরকার নানা কর্মসূচি নিয়েছে। তিনি আরও বলেন, ‘২০২১ সালে ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করব। ২০০৯ সালে শিক্ষিত লোকের ১ শতাংশের কম ছিল কারিগরি শিক্ষায় শিক্ষিত। এখন তা ৭ শতাংশে উন্নীত হয়েছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন