News71.com
 Bangladesh
 24 Apr 16, 06:32 AM
 684           
 0
 24 Apr 16, 06:32 AM

বগুড়ার ধুনটে ইউএনওর কার্যালয়ে ভাঙচুর ।।

বগুড়ার ধুনটে ইউএনওর কার্যালয়ে ভাঙচুর ।।

নিউজ ডেস্কঃ বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের এক সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে।

আজ বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

ধুনট উপজেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল হাসান সাংবাদিকদের জানান, গত শনিবার ধুনট উপজেলার ১০টি ইউপিতে নির্বাচন হয়। এর মধ্যে গোসাইবাড়ি ইউপির পারনাটাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আকতার পারভীন নামে সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীকে (মাইক প্রতীক) জয়ী ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার।

কিন্ত প্রাপ্ত ভোট অনুযায়ী ওই কেন্দ্রে ঝর্ণা খাতুনকে (বক প্রতীক) জয়ী ঘোষণা করার কথা। প্রিজাইডিং অফিসারের ওই ভুলের বিষয়টি নিয়ে রোববার উপজেলা পরিষদে আসেন ঝর্ণা খাতুনের কর্মী-সমর্থকরা। দুপুরের দিকে বিষয়টি সমাধানের প্রক্রিয়া চলছিল।

এ সময় বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা ইউএনওর কার্যালয়ে হামলা চালিয়ে তিনটি জানালার কাঁচ ও হলরুমের আসবাবপত্র ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ও বিজিবি এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জানতে চাইলে পারনাটাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার জুলফিকার আলী ফটিক বলেন, ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা সদস্য প্রার্থী আকতার পারভীনের প্রাপ্ত ভোট ৩৬২ এর স্থলে ভুলক্রমে ৬৬২ লেখা হয়েছে। ফলে ভুলক্রমে ঝর্ণা খাতুনের পরিবর্তে আকতার পারভীন জয়ী হয়েছেন। তবে, আমার অনিচ্ছাকৃত ভুলের বিষয়টি রিটার্নিং অফিসারকে লিখিতভাবে জানিয়েছি।

এ বিষয়ে ধুনটের ইউএনও হাফিজুর রহমান জানান, তার কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন