
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধারালো অস্ত্রের আঘাতে আহত সাধু পরমানন্দ রায় গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজ দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার দক্ষিণ বাসুড়িয়া গ্রামে নিজ বাড়ির আঙ্গিনায় তার মরদেহ সমাহিত করা হয়।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফাসহ প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরমানন্দ রায় দক্ষিণ বাসুড়িয়া গ্রামের মৃত মহেন্দ্র নাথ রায়ের ছেলে। তিনি বাসুড়িয়া শ্রীশ্রী বাই রসরাজ আশ্রমের রসরাজ ঠাকুরের অনুসারী ছিলেন। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
এদিকে, এ হত্যার অভিযোগে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের আব্দুল মান্নান শেখ মান্নুর ছেলে শরিফুল শেখকে (২৫)গত শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
টুঙ্গিপাড়া থানার ওসি মো. মাহামুদুল হক বলেন, “এ ঘটনায় শরিফুলকে গ্রেপ্তার করা হয়েছে। ছেলেটির আচরণে মানসিক সমস্যা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।”তবে হত্যাকাণ্ডের সঠিক কারণ তিনি জানাতে পারেননি।
নিহত পরমানন্দ রায়ের ছেলে দয়াল রায় বলেন,গত শুক্রবার বিকালে তার বাবা গিমাডাঙ্গা হাটে বাজার করতে যান। হাট থেকে ফেরার সময় গিমাডাঙ্গা গ্রামের আব্দুল মান্নান শেখ মানুর ছেলে শরিফুল শেখ ফার্নিচারের দোকান থেকে ধারালো বাটাল নিয়ে ধাওয়া দেয়।
“প্রথমে তার হাতে ও পেটের নিচের অংশে কোপ দেয়। তিনি রাস্তায় পড়ে গেলে শরিফুল তার পিঠে ধারালো অস্ত্র ঢুকিয়ে দেয়। অস্ত্রটি পেট দিয়ে বের হয়ে যায়।”
দয়াল বলেন, বঙ্গবন্ধুর সমাধিক্ষেত্রের আধা কিলোমিটার দূরের গিমাডাঙ্গা বাজার থেকে ফেরার পথে আহত সাধুকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সেখান থেকে তাকে খুলনা নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতে তাকে ঢাকায় নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তিনি মারা যান বলে জানান নিহতের ছেলে।
তিনি বলেন, “আমার বাবা ধর্ম পালন করত বলে এলাকার সবাই তাকে সাধু হিসেবে চেনেন ও সম্মান করেন।”রাই রসরাজ ঠাকুরের অনুসারী তার বাবা নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন উল্লেখ করে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তিনি।