
নিউজ ডেস্ক : অবশেষে মেয়াদ শেষ হওয়ার পাঁচ বছর পর নতুন কমিটি পেতে যাচ্ছে খুলনা জেলা ছাত্রলীগ। তবে গতবারের মতো এবারও সম্মেলন ছাড়াই কেন্দ্র থেকে কমিটি ঘোষনার তোড়জোড় চলছে। সূত্রমতে, পূর্ণাঙ্গ নয়, আংশিক কমিটি গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় নীতিনির্ধারকরা।
জেলা ছাত্রলীগ সংশ্লিষ্ট সূত্রে জানা যায় গত ২০১২ সালে কাউন্সিল ছাড়াই খুলনা জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। এক বছরের এই কমিটির মেয়াদ শেষ হয়েছে পাঁচ বছর আগেই। শুধু অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে চরম বিরোধের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে খুলনা জেলা ছাত্রলীগ।
এই পরিস্থিতিতে ছাত্রলীগের নতুন কেন্দ্রীয় কমিটি খুলনা জেলা ছাত্রলীগকে গতিশীল করতে খুলনা জেলায় নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করে। কেন্দ্রীয় নেতারা এজন্য খুলনার আওয়ামিলীগ নেতাদের কাছ থেকে আগে একবার নামের তালিকা চেয়ে নেন। কিন্তু খুলনা জেলা আওয়ামীলীগের দুই নেতা শেখ হারুন অর রশীদ ও মোস্তফা রশিদী সুজার মধ্যে কোনো সমঝোতা না হওয়ায় সেই কমিটি গঠন প্রক্রিয়া থমকে যায়।
জানা গেছে, খুলনায় জেলা আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক গত চলতি মাসের প্রথম সপ্তাহে গত ৬ এপ্রিল খুলনা জেলা আওয়ামী লীগের শীর্ষ দুই নেতার কাছে তাদের পছন্দের চারজন করে মোট ৮ জনের নামের তালিকা চেয়েছেন। সে অনুযায়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ চারজনের পরিবর্তে পাঁচজনের নামের তালিকা পাঠিয়েছেন।
জেলা সভাপতির পাঠানো তালিকায় রয়েছেন খুলনা জেলা ছাত্রলীগের বর্তমান সহ-সভাপতি ও সিটি ল’কলেজের ছাত্র সাইয়েদুজ্জামান সম্রাট, মো. ইমরান হোসেন (কোনো কমিটিতে নেই), আবু সাইদ রনি (কোনো কমিটিতে নেই), দ্বীপ পান্ডে বিশ্ব (কোনো কমিটিতে নেই), মো. আল আমীন (বিএল কলেজ কমিটির সাবেক সদস্য)।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা রশিদী সুজা এমপির পাঠানো তালিকায় রয়েছেন পারভেজ হাওলাদার (জেলা যুগ্ম সাধারন সম্পাদক), তসলিম হোসেন তাজ (জেলা দফতর সম্পাদক), মারুফ হোসেন (জেলা প্রচার সম্পাদক), মেহেদী হাসান রাজা (ডুমুরিয়া উপজেলা সভাপতি), মহিদুল ইসলাম রনি (কোনো কমিটিতে নেই)।
এদিকে মাত্র ১০ জনের নামের তালিকা যাওয়ায় হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন অর্ধশত নেতৃত্ব প্রত্যাশী নেতাকর্মী। তারা বলেন, খুলনা জেলা আওয়ামী লীগের শীর্ষ দুই নেতার বিরোধের কারণে খুলনা জেলা ছাত্রলীগের কমিটি ঝুলে রয়েছে। প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি চার বছর শেষ হয়ে পাঁচ বছরে পড়েছে ছাত্রলীগ খুলনা জেলা কমিটি।
খোঁজ নিয়ে জানা গেছে জেলার প্রতিটি ইউনিটেই (উপজেলা, পৌরসভা, কলেজ) ছাত্রলীগের বেহাল দশা। অনেক যায়গায় সংগঠন চলছে পূর্নাঙ্গ কমিটি বা কমিটি ছাড়াই। আবার কোথাও চলছে ৮/৯ বছরের পুরনো কমটি দিয়ে।আবার ব্যবসায়ী, চাকরীজীবী, অছাত্র ও বিবাহিতদের দিয়ে চলছে বাংলাদেশ ছাত্রলীগ, খুলনা জেলা কমিটি।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির একটি বিশেষ সূত্র মতে, খুলনা জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে বিতর্কিত কাউকে স্থান দেওয়া হবে না। পরিক্ষীত, ত্যাগী এবং প্রকৃত ছাত্রদের মধ্যে থেকেই বেছে নেওয়া হবে আগামীর নেতৃত্ব। যদিও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বের একটি বড় অংশ খুলনা জেলা ছাত্রলীগের বর্তমান নেতৃত্বকে বহাল রেখে পূর্নাঙ্গ কমিটি গঠনের পক্ষে।
আবার অন্য একটি অংশ মনে করছে, খুলনা জেলা ছাত্রলীগের হারানো গৌরব পূনরুদ্ধার করতে হলে জেলা আওয়ামী লীগের শীর্ষ দু নেতার তল্পিবাহক নেতৃত্বের বাইরে মেধাবী,দক্ষ, সাহসী নেতৃত্ব নির্বাচন প্রয়োজন।
ছাত্রলীগের এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন , জেলা আওয়ামী লীগের শীর্ষ দু′নেতার পছন্দের দুজনকে মুল নেতৃত্বে এনে অথবা প্রাপ্ত দশ নাম হতে ক্লিন ইমেজের মেধাবী একজন ছাত্রনেতাকে এবং কেন্দ্রীয় নেতৃত্বের আস্থাভাজন অপর এক নেতাকে সভাপতি-সাধারন সম্পাদক করে ২১ সদস্যের জেলা ছাত্রলীগের কমিটি চলতি সপ্তাহের মধ্যেই ঘোষিত হতে পারে।