News71.com
 Bangladesh
 26 Apr 16, 07:50 AM
 668           
 0
 26 Apr 16, 07:50 AM

বাজেটে কালোটাকাকে বৈধতা না দেওয়ার আহ্বান জানিয়েছে টিআইবি।।

বাজেটে কালোটাকাকে বৈধতা না দেওয়ার আহ্বান জানিয়েছে টিআইবি।।

নিউজ ডেস্কঃ ‘কালোটাকাকে বৈধতা দেওয়া সংবিধানের ২০(২) ধারার সঙ্গে সাংঘর্ষিক। এটি সরকারের নির্বাচনী অঙ্গীকারেরও পরিপন্থী এবং আর্থিক অনিয়মের প্রসারে সহায়ক ও সুরক্ষা প্রদানের সমার্থক।’ সে কারণে আসন্ন বাজেটে কালোটাকাকে বৈধতা না দিতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে টিআইবি । জাতীয় বাজেটে কালোটাকাকে বৈধতা দেওয়ার সুযোগ অব্যাহত রাখার বিষয়ে বিভিন্ন মহলের পক্ষ থেকে সরকারের কাছে দাবি উত্থাপনের পরিপ্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করে টিআইবি ‘এই অসাংবিধানিক, অনৈতিক এবং বৈষম্য সৃষ্টিকারী সুযোগ’ দেওয়া থেকে বিরত থাকতে সরকারের প্রতি দাবি জানিয়েছে।

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, অবৈধ পথে উপার্জিত অর্থ বৈধ করার সুযোগ প্রদান যেমন একদিকে নৈতিক অবক্ষয়কে প্রশ্রয়ের দৃষ্টান্ত, তেমনি দীর্ঘদিনের অভিজ্ঞতায় এটিও প্রমাণিত যে এই জাতীয় অসাধু চর্চার ফলে দেশের অর্থনীতি মোটেও উপকৃত হয় না। এ ধরনের সুযোগ রাজস্ব আদায়ের ক্ষেত্রেও কোনো সহায়ক ভূমিকা পালন করে না। অন্যদিকে কালোটাকাকে বৈধতা প্রদান দুর্নীতি সহায়ক মহল কর্তৃক সরকারের নীতি কাঠামোর অযাচিত প্রভাব বিস্তারের বিব্রতকর দৃষ্টান্ত।

ইফতেখারুজ্জামান আরও বলেন, এ ধরনের অনৈতিক দাবির কাছে নতিস্বীকার করে আসন্ন বাজেটে উল্লিখিত সুবিধা প্রদান করা হলে বর্তমান সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ভিশন ২০২১, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও জাতীয় শুদ্ধাচার কৌশলে দেওয়া নিজস্ব প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটবে। বরং কালোটাকা বৈধতা দেওয়ার সুযোগ চিরতরে বন্ধ করার সুস্পষ্ট ঘোষণার মাধ্যমে সরকার জনগণের আস্থা অর্জনে একধাপ এগিয়ে যেতে পারে। একই সঙ্গে বাজেট প্রণয়ন ও বাস্তবায়নে দক্ষতা, স্বচ্ছতা, উন্মুক্ততা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন