News71.com
 Bangladesh
 28 Apr 16, 03:18 AM
 780           
 0
 28 Apr 16, 03:18 AM

শুক্রবারের আগে পিছু ছাড়ছে না লোডশেডিং ।। শনিবার থেকে স্বাভাবিক হবে, আশা বিদ্যুৎ বিভাগের

শুক্রবারের আগে পিছু ছাড়ছে না লোডশেডিং ।। শনিবার থেকে স্বাভাবিক হবে, আশা বিদ্যুৎ বিভাগের

 

পবিত্র কুমার: লোডশেডিং এর কথা রাজধানি সহ সারাদেশের মানুষ ভুলতে বসেছিল । দিনে ২/১ বার লোডশেডিং হলেও তা ছিল সহনীয় পর্যায়ে । কিন্ত হটাত করে নৌযান ধর্মঘটের কারনে তীব্র জ্বালানী সংকটে পড়েছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো । ফলে প্রচন্ড গরমে লোডশেডিং এর কারনে জনদূর্ভোগ চরমে উঠেছে । প্রতিদিন পালাকরে বেশ কয়েকবার লোডশেডিং হচ্ছে । গতকাল থেকে নৌযান ধর্মঘট প্রত্যাহার হলেও এই মুহূর্তে কাটছে না জ্বালানি তেলের সংকট। এ অবস্থায় বিদ্যুতের লোডশেডিং থেকে মুক্তি পেতে আগামীকাল শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিচালক (অপারেশন এন্ড প্লানিং) মোসলেম উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, "দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে গত মঙ্গলবার শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে আলোচনা শুরু হলেই আমরা তাদের (নৌ শ্রমিকদের) বন্দর ও জাহাজের কাছাকাছি থাকতে বলেছিলাম। শ্রমিকরা কথা অনুযায়ী কাছাকাছিই ছিল।"

রাতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসতেই তেলবাহী জাহাজগুলো চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে বলে জানান মোসলেম উদ্দিন। এই জাহাজের দিকেই এখন তাকিয়ে আছে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো। এর মধ্যে সিদ্ধিরগঞ্জের ৯৮ মেগাওয়াট, নারায়ণগঞ্জের পাগলা পাওয়ার প্লান্ট পুরোপুরি বন্ধ হয়ে গেছে। অন্যদিকে আজ মেঘনা ঘাট ৩০৫ মেগাওয়াট পাওয়ার প্লান্টে ১৩৭ মেগাওয়াট, হরিপুর ১১০ মেগাওয়াট পাওয়ার প্লান্টে ৬ মেগাওয়াট এবং শিকলবাহা ৪৩ মেগাওয়াট প্ল্যান্ট থেকে পাওয়া গেছে মাত্র ৮ মেগাওয়াট বিদ্যুৎ।

জানাগেছে মুলত জ্বালানী সংকটের কারণে সারা দেশে চলছে ভয়াবহ লোডশেডিং। খোদ রাজধানীতেও কোনো কোনো এলাকায় আট থেকে দশ ঘণ্টা পর্যন্ত লোডিশেডিংয়ের খবর পাওয়া গেছে। রাজধানীর বাইরে থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে বলে জানা গেছে। এরকম পরিস্থিতি নিকট অতীতে কখনই সৃষ্টি হয়নি। বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর দিনে দিনে লোডশেডিং কমা ছাড়া বাড়েনি। রাজধানির অভিযাত এলাকা গুলোতে তো লোডশেডিং ছিলনা বললেই চলে । আর সারা দেশে লোডশেডিং ছিল সহনীয় পর্যায়ে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানিয়েছে, জাহাজে থাকা তেল বিদ্যুৎ কেন্দ্রে আনলোডিং করতে আজ বৃহস্পতিবার গড়িয়ে যাবে। সে কারণে শুক্রবারের আগে পুরোদমে উৎপাদনে যেতে পারছে না তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো। আর তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পুরোদমে উৎপাদনে যেতে না পারলে লোডশেডিং বন্ধ করা সম্ভব নয়।

 পিডিবি জানিয়েছে, বর্তমানে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্ষমতা রয়েছে তিন হাজার চার’শ মেগাওয়াট উৎপাদনের। এর মধ্যে পিক আওয়ারে (সন্ধ্যায়) প্রায় দুই হাজার আট’শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতো। অথচ তেল সঙ্কটের কারণে বর্তমানে উৎপাদন প্রায় প্রায় এক হাজার মেগাওয়াট কমে গেছে।

জানা গেছে, বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সর্বোচ্চ পনের দিনের রিজার্ভ রাখার সক্ষমতা থাকে। যা একটি চলমান প্রক্রিয়া। অনেক পাওয়ার প্লান্টে আগে থেকেই রিজার্ভ অর্ধেকে নেমে এসেছিল। গত রোববার তাদের নতুন চালান আসার কথা ছিল। আর সেদিনই হঠাৎ করে ধর্মঘট ডাক দেয় নৌ যান শ্রমিকরা। এতে বিপাকে পড়ে পিডিবি।

উল্লেখ্য গত ২০ এপ্রিল মধ্যরাত থেকে বেতন বৃদ্ধিসহ পনের দফা দাবিতে এই অনির্দিষ্ট কালের ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ নৌযান ফেডারেশন ও নৌযান শ্রমিক ইউনিয়ন। চারদিনের মাথায় যাত্রীবাহী নৌ যান চলাচলের উপর থেকে ধর্মঘট প্রত্যাহার করা হলেও অন্যত্র থেকে যায়। আর ট্যাংকারের উপর থেকে ধর্মঘট প্রত্যাহার করা হয় ২৬ এপ্রিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন