News71.com
 Bangladesh
 29 Apr 16, 12:15 PM
 634           
 0
 29 Apr 16, 12:15 PM

ঘুষ দিলেই মিলছে জাতীয় পরিচয়পত্র।।

ঘুষ দিলেই মিলছে জাতীয় পরিচয়পত্র।।

নিউজ ডেস্কঃ ফুরিয়ে আসছে সিম নিবন্ধনের সময়। নির্ধারিত সময়ের মধ্যে সিম কার্ড নিবন্ধন করা না হলে মন্ত্রীর ঘোষণা অনুযায়ী বন্ধ করে দেওয়া হবে সংযোগ।

আর নিবন্ধনে গ্রাহকদের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে জাতীয় পরিচয় পত্র। নতুন ভোটার হয়েছেন, তালিকায় নামও ওঠেছে। কিন্তু হাতে পাননি পরিচয় পত্র। ফলে ইচ্ছে থাকলেও আটকে আছেন অসংখ্য গ্রাহকের সিম নিবন্ধন।

তবে সে সমস্যারও সমাধান রয়েছে। কেবল অর্থের প্রয়োজন। জেলা/উপজেলা নির্বাচন কমিশনে ঘুষ দিলেই মিলছে জাতীয় পরিচয় পত্র। পরিচয় পত্রের তথ্য হালনাগাদ করার ক্ষেত্রেও চিত্র একই।

শেরপুর উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের কিছু অসাধু কর্মকর্তার বিরুদ্ধে এমনই অভিযোগ করেন একাধিক ভুক্তভোগী। মৌখিকভাবে প্রতিদিন অভিযোগ দেওয়া হলেও তা আমলে নিচ্ছেন না নির্বাচন কর্মকর্তা।

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দোহাই দিয়ে সবার কাছ থেকে কৌশলে এড়িয়ে যাচ্ছেন দায়িত্ব। অথচ ঘুষ দিলেই সমস্যার সমাধান।

এনামুল হক, জীবন সরকার, মাহফুজুল হক, শাকিল আহম্মেদ, নূরজাহান খাতুন, রাবেয়া আক্তার ভুক্তভোগীদের কয়েকজন।

ভুক্তভোগী মাহফুজুল হক সাংবাদিকদের জানান, কয়েকমাস আগে তিনি ভোটার হয়েছেন। ভোটার তালিকায় তার নামও রয়েছে। কিন্তু জাতীয় পরিচয় পত্র (ন্যাশনাল আইডি কার্ড) হাতে পাননি। ফলে বায়োমেট্রিক পদ্ধতিতে সিমকার্ড নিবন্ধন ক‍রাতে পারছেন না।

একাধিকবার নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে হয়রান হয়েও কাজ হয়নি। অনেক চেষ্টার পরে নির্বাচন কর্মকর্তার সাক্ষা‍ৎ মিললেও নির্বাচনের অজুহাত দিয়ে পাশ কাটিয়ে যান তিনি। উপায় না পেয়ে ৫শ’ টাকা ঘুষ দিতেই হাতে পেয়ে যায় সোনার হরিণ।

আরেক ভুক্তভোগী জীবন সরকার। তিনিও পড়েন একই সমস্যায় তাকে দিতে হয়েছে আরও কিছু বেশি। ৬শ’ টাকা ঘুষ দিয়ে তবে হাতে পান জাতীয় পরিচয় পত্র।

নুরজাহান খাতুন সাংবাদিকদের বলেন, প্রায় ৬ মাস আগে ভোটার এলাকা স্থানান্তরের তথ্য হালনাগাদের জন্য নিয়ম মেনে নির্বাচন কার্যালয়ে আবেদন জমা দিয়েছি। কিন্তু এখনও কাজ হয়নি। অথচ যারা ঘুষ দিচ্ছেন, সঙ্গে সঙ্গে তাদের কাজ হয়ে যাচ্ছে।

তবে এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করেন শেরপুর উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা মো. আনিছুর রহমান।

তিনি বলেন, আমাদের ইচ্ছে থাকলেও ইউপি নির্বাচনের কাজের চাপে সব কাজ সমানভাবে করা সম্ভব হচ্ছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন