
নিউজ ডেস্কঃ নগরীর প্রাণ কেন্দ্র গণকপাড়ায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে । মুখোশধারী ডাকাতদল রাত সাড়ে ৮টার দিকে এম রায় জুয়েলার্সে ডাকাতি করে। এ সময়ে ডাকাতদের পিটুনি ও বোমার স্প্লিন্টারের আঘাতে পাঁচজন আহত হয়েছেন ।
এদের মধ্যে দোকান মালিক মুনীশ রায় (৪৫) ও তার ছোট ভাই মৌসুম রায়কে (৩৫) পিটিয়ে আহত করে ডাকাতরা। স্প্লিন্টারের আঘাতে আহত হন, ফুটপাত ব্যবসায়ী অপু (৩৮), মুক্তার হোসেন (৩৫) ও ভ্যানচালক হাবিবুর রহমান (৪০)।
আহত মুনীশ রায়কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত প্রায় সাড়ে ৮টার দিকে সাত-আটজনের ডাকাত দল বাটার মোড়ে দুটি মাইক্রোবাসে সাধারণ মানুষের বেশে আসে। এরপর তারা মুখোশপড়ে গণকপাড়া মোড়ে বোমা ফাটাতে থাকে। বোমার বিকট শব্দে মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ডাকাতরা এম রায় জুয়েলার্সে হামলা চালিয়ে তাদের স্বর্ণালংকার লুট করে নেয়। এ সময় বাধা দিতে গেলে ডাকাতরা দোকান মালিক মুনীষ রায় ও তার ভাই মৌসুম রায়কে পিটিয়ে আহত করে। তবে কত ভরি স্বর্ণ লুট করা হয়েছে তা জানা যায়নি।
আহত মুক্তার হোসেন বলেন, হঠাৎ বোমার শব্দে আমরা আতঙ্কিত হই। এ সময় ডাকাতরা ১৫ থেকে ২০ টি বোমা বিস্ফোরণ ঘটায় ।
পথচারীরা বলেন, ডাকাতদের মুখে মুখোশ ছিল। গণকপাড়া মোড় এলাকা বোমার ধোঁয়ায় ঢেকে যায়। স্বর্ণের দোকান লুট করে ডাকাতরা বোমা ফাটাতে ফাটাতে সাদা মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন বলেন, ডাকাতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় কোনো মৌলবাদী জঙ্গি গোষ্ঠি জড়িত আছে কি না তাও খোঁজ নেওয়া হচ্ছে ।
ডাকাতির পর ঘটনাস্থলে গিয়ে নগর আওয়ামিলীগের সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, পুলিশের ব্যর্থতার কারণেই রাজশাহীতে একের পর এক অপরাধ সংগঠিত হচ্ছে। এতে আইন-শৃঙ্খলারও চরম অবনতি হয়েছে ।
তিনি আরও বলেন, ‘রাজশাহীর ইতিহাসে এ ধরণের ডাকাতির ঘটনা আগে কখনই ঘটেনি ।