
নিউজ ডেস্কঃ পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, সুন্দরবন হচ্ছে বিশ্ববিখ্যাত সম্পদ, যা রক্ষা করা সরকার ও স্থানীয় জনগণের সম্মিলিত দায়িত্ব। এখানে সংঘটিত অগ্নিকাণ্ডের খবর গণমাধ্যমে যা এসেছে প্রকৃত অবস্থা সে তুলনায় যৎসামান্য। তারপরও এ ধরণের ঘটনা ঘটা মোটেই উচিৎ না। যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কতিপয় লোকের জন্য সুন্দরবন ধ্বংস হতে দেওয়া যাবে না। আজ দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সুন্দরবন এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে এ কথা বলেন।
বনমন্ত্রী আজ সকালে ঢাকা থেকে বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরে আসেন এবং পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনভূক্ত বনাঞ্চল ঘুরে দেখেন। এ সময় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. ইউনুছ আলী, খুলনা সার্কেলের বন সংরক্ষক জহির উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। আনোয়ার হোসেন মঞ্জু সুন্দরবন ঘুরে এসে শরণখোলা উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় প্রশাসন, বন বিভাগ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
শরণখোলা উপজেলা চেয়ারম্যান মো. কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ও উপ পরিচালক (স্থানীয় সরকার বিভাগ) শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. অতুল মণ্ডল, সহকারী পুলিশ সুপার এনামুল হক, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন ও রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন।
পরিবেশ ও বনমন্ত্রী বলেন, সুন্দরবনের আগুন নিয়ে প্রচার-প্রচারণা যেভাবে হয়েছে তাতে মনে হয়েছে- পরিস্থিতি মোকাবেলায় সরকার হয়তো ব্যর্থ হয়েছে। আমাদের মত যারা ঢাকায় থাকেন তাদের কাছে এ ধরণাই বদ্ধমূল থাকতো যদি না আমি সুন্দরবনে এসে অগ্নিপীড়িত এলাকা স্বচক্ষে না দেখতাম। আসলে দূরে বসে প্রচার-প্রচারণায় প্রভাবিত না হয়ে যা সঠিক ঘটেছে তা বিশ্বাস করার আগে যাচাই করে দেখতে হবে। বর্তমানে বাংলাদেশসহ সারা বিশ্বে প্রচণ্ড তাপ প্রবাহ চলছে। সুন্দরবনের মত জায়গায় যদি একবার আগুন লাগে তা নিয়ন্ত্রণে আনা খুবই দুঃসাধ্য। কিন্তু এ অবস্থাকে আমেরিকা, অষ্ট্রেলিয়া, ইন্দোনেশিয়ার দাবানলের মত ভয় পাওয়ার কারণ নেই। তারপরও ফায়ার ব্রিগেড, স্থানীয় প্রশাসন, বনজীবী, জনগণ যেভাবে এ আগুন নেভাতে সহযোগিতা করেছেন- সে জন্য আমি সরকার ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। বিশেষতঃ ফায়ার ব্রিগেডের কর্মীদের অবদান অত্যন্ত প্রশংসার যোগ্য। তিনি বলেন, সুন্দরবন না থাকলে দক্ষিণাঞ্চলবাসী সকলেই ক্ষতিগ্রস্ত হবেন। ঘূর্ণিঝড় ঠেকাতে সুন্দরবন খুবই অপরিহার্য। এর যাতে কোন ক্ষতি না হয় তার জন্য আমাদের সকলকে নজর রাখতে হবে। সুন্দরবনকে কেন্দ্র করে অনেক লোকের জীবন-জীবিকা আবর্তিত হয়। তাই সুন্দরবনের ওপর মানুষের নির্ভরশীলতা হ্রাস করার জন্য সরকার নানা প্রকল্প গ্রহণ করছে। জলবায়ূ পরিবর্তন ফান্ড থেকে বিদেশিরা কোটি কোটি ডলার দিচ্ছে সুন্দরবনকে সুরক্ষার জন্য। এসব ফাণ্ড থেকে সুন্দরবনের ভোলা নদী খননসহ বিভিন্ন প্রকল্প নেওয়ার কথা আমরা ভাবছি। মানুষ আগের চেয়ে অনেক সচেতন হয়েছে। মানুষকে পরিশ্রম করতে হবে। গাছ চুরির দিন শেষ, কতিপয় লোকের জন্য সুন্দরবন ধ্বংস হতে দেওয়া যাবে না।