
নিউজ ডেস্কঃ ভিসা ছাড়াই কুয়েত ভ্রমণের সুযোগ পাবেন বাংলাদেশের কূটনীতিক, বিশেষ ও অফিসিয়াল পাসপোর্টধারীরা। এই ধরনের সুযোগ সৃষ্টি করে ‘কুয়েতের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব’ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
শফিউল আলম বলেন, ‘চুক্তি অনুযায়ী কূটনৈতিক, বিশেষ ও অফিসিয়াল পাসপোর্টধারীরা কুয়েতে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। কুয়েতের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরাও বাংলাদেশে এ সুযোগ পাবেন।’ বর্তমানে ১৪টি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে বলে নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব।
বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারত, কম্বোডিয়া, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, কম্বোডিয়া, ভিয়েতনাম, মিয়ানমার, চীন, চিলি, তুরস্ক, লাওস, বেলারুশ ও ব্রাজিলের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। এদিকে কুয়েত ও বাংলাদেশের মধ্যে বিনিয়োগ বৃদ্ধি করতে একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, কুয়েতের প্রধানমন্ত্রী বাংলাদেশে এলে এই চুক্তি হবে। ২০০৫ সালে চুক্তি প্রণয়নের কাজ শুরু হয়। ২০১৫ সালে কুয়েত খসড়া চুক্তি দেয়। অনেকগুলো সভার পরে ১১-১৩ এপ্রিল ঢাকায় এক সমঝোতা বৈঠকে খসড়াটি চূড়ান্ত করা হয়। মন্ত্রিসভা এ খসড়া অনুমোদন দিয়েছে।
কুয়েত সরকার জি টু জি ভিত্তিতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জানিয়ে শফিউল আলম বলেন, ‘এ চুক্তি স্বাক্ষর হলে কুয়েত পেট্রোলিয়াম প্রতিষ্ঠানের বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তৈরি হবে। চুক্তি স্বাক্ষরের পর উভয় দেশের শিল্প উদ্যোক্তারা বিনিয়োগের জন্য ভিসা সুবিধা পাবেন। বিনিয়োগ বৃদ্ধির পর কর্মসংস্থান বাড়বে। প্রযুক্তি হস্তান্তরের সুযোগ সৃষ্টি হবে, ফলে স্থানীয় প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা বাড়বে।’ এছাড়া সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিদ্যুৎ আমদানি-রপ্তানির জন্য একটি চুক্তি অনুসমর্থনের প্রস্তাবও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সার্ক ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট ফর এনার্জি কো-অপারেশন (ইলেকট্রিসিটি)’ অনুসমর্থনের প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। তিনি বলেন, সার্কভুক্ত অঞ্চলের অনেক দেশের বিদ্যুৎ উদ্বৃত্ত আছে। ভুটান ভারতে বিদ্যুৎ রপ্তানি করে, আমরাও সেই শেয়ারিংয়ে অন্তর্ভুক্ত হতে পারি, এজন্য এই চুক্তিটি আনা হয়েছে।