
নিউজ ডেস্কঃ অবশেষে বগুড়ার ঐতিহাসিক নবাববাড়ী সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে সরকার । ফলে কিছুদিন আগে গোপনে বিক্রি হওয়া ঐতিহ্যবাহী এই বাড়িটি পুরাকীর্তি হিসেবে সংরক্ষিত হতে যাচ্ছে । পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী সৈয়দ মোহাম্মদ আলী চৌধুরীর স্মৃতি বিজড়িত বাড়িটি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব থাকায় সরকার বাড়িটি সংরক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছানিয়া আক্তার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি আজ বগুড়া জেলা প্রশাসকের কাছে পৌঁছেছে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের ঐ চিঠিতে উল্লেখ করা হয়েছে, বগুড়ার ঐতিহ্যবাহী নবাব বাড়ির ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব থাকায় ১৯৬৮ সালের পুরাকীর্তি আইন (১৯৭৬ সালে সংশোধিত) অনুযায়ী পুরাকীর্তি হিসেবে সংরক্ষণ যোগ্য বিবেচিত হওয়ায় সরকার উল্লেখিত বগুড়ার ঐতিহ্যবাহী নবাব বাড়িটি সংরক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ-লক্ষ্যে বর্ণিত পুরাকীর্তিটি সংরক্ষণ বিজ্ঞপ্তি জারী ও পরবর্তী গেজেটে তা প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশ দেওয়া হয়েছে।
বগুড়ার ঐতিহ্যবাহী নবাববাড়ি (নবাব প্যালেস) কিনতে একটি মহল দীর্ঘদিন যাবত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছিল। এ অবস্থায় বগুড়ার সামাজিক সাংস্কৃতিক সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আন্দোলন শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত বগুড়া জেলা আওয়ামিলীগের সভাপতি মমতাজ উদ্দিনের ছেলে মাছুদুর রহমান মিলন সহ বগুড়ার তিনজন প্রভাবশালী ব্যবসায়ী ২৭ কোটি ৪৫ লাখ ৭ হাজার টাকায় ১ একর ৫৫ শতক জমি ও স্থাপনা কিনে নেন । আর এই সম্পত্তি বিক্রি করেন পাকিস্তানের সাবেক প্রধান মন্ত্রী মোহাম্মাদ আলীর দুই ছেলে সৈয়দ হামদে আলী চৌধুরী ও সৈয়দ হাম্মাদ আলী চৌধুরী। বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে গত ১৭ই এপ্রিল নবাববাড়ি বিক্রির দলিল সম্পাদন হয়। এর পরের দিন থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে নবাববাড়ি বিক্রির সংবাদ প্রকাশ হয়। পাশাপাশি বিভিন্ন সংগঠন নতুন করে আন্দোলন শুরু করে। তারা নবাববাড়িটি সংরক্ষণের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে সংস্কৃতি মন্ত্রণালয়ে স্মারকলিপি দেন। এরপরেরই নবাববাড়িটি সরকারিভাবে সংরক্ষণের সিদ্ধান্ত জানানো হলো।
উল্লেখ্য, বগুড়া জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন নবাববাড়ী রক্ষায় সংস্কৃতি মন্ত্রণালয়ের চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।