
নিউজ ডেস্ক: ছয় ঘণ্টা চেষ্টা করে পানি আটকালেও খোলপেটুয়া নদীর প্রবল তোড়ে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ আবার ধসে গেছে। এতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ছয়টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় এক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ইতিমধ্যে অনেকে ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে উঠেছে। তলিয়ে গেছে চার শতাধিক চিংড়িঘের।
গতকাল রোববার ভোরে প্রথম দফায় উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কোলা গ্রামে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের প্রায় ৩০০ ফুট এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। স্থানীয়রা জানান, গত শনিবার রাত নয়টার দিকে এলাকায় ঝড়-বৃষ্টি শুরু হয়। একই সঙ্গে জোয়ারের প্রবল চাপে হঠাৎ করেই গতকাল ভোর চারটার দিকে খোলপেটুয়া নদীর কোলা বেড়িবাঁধ ধসে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে তাঁদের বাড়িঘর সব পানিতে থই থই করছে। তলিয়ে গেছে তাঁদের চিংড়িঘের। বাঁধ ভেঙে নদীর পানিতে প্রতাপনগর ইউনিয়নের কোলা ও হিজলিয়া এবং শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা, হাজরাখালি, নাঙ্গলদাড়িয়া ও কলিমাখালি গ্রাম প্লাবিত হয়েছে।
শ্রীউলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হেনা সাকিল জানান, কোলা প্রতাপনগর ইউনিয়নে হলেও ভাঙনে তাঁর ইউনিয়নের চারটি গ্রাম প্লাবিত হয়েছে। চার-পাঁচ শ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তিন শতাধিক চিংড়িঘের তলিয়ে গেছে। ইতিমধ্যে অনেকেই জিনিসপত্র সরিয়ে নিয়েছেন।
প্রতাপনগর ইউপির চেয়ারম্যান জাকির হোসেন জানান, পাউবোর গাফিলতির কারণেই প্রতাপনগর ইউনিয়নবাসীর এই দুর্দশা। বারবার বলা হলেও পানি উন্নয়ন বোর্ড ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না। তিনি জানান, তাঁর ইউনিয়নে কোলা ও হিজলিয়া গ্রাম তলিয়ে সাত শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। চিংড়িঘের আর ঘরবাড়ি সব পানিতে একাকার হয়ে গেছে। ইতিমধ্যে দুই শতাধিক পরিবার বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে অথবা পাউবোর উঁচু বাঁধে আশ্রয় নিয়েছে। তিনি আরও জানান, স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে বাঁধ সংস্কারের কাজ শুরু করেছিলেন। সকাল ৬টা থেকে কাজ করে বেলা ১১টার দিকে পানি লোকালয়ে ঢোকা বন্ধ করা হয়। কিন্তু দুপুর ১২টার দিকে খোলপেটুয়া নদীর প্রবল তোড়ে আবার বাঁধ ভেঙে যায়।
সাতক্ষীরা পাউবোর বিভাগ-২-এর শাখা কর্মকর্তা (এসও) আবুল হোসেন বাঁধ ভাঙার বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় মানুষ বাঁধ সংস্কারের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। ইতিমধ্যে নির্বাহী প্রকৌশলী অপূর্ব ভৌমিক ও উপবিভাগীয় প্রকৌশলী ফারুক হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্থ ভেড়াবাঁধ নতুন করে সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে ।