
নিউজ ডেস্কঃ দলের মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যাকেই মনোনয়ন দিব, তাকেই আপনাদের মেনে নিয়ে কাজ করতে হবে। তারপক্ষেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী নির্বাচন খুব কঠিন নির্বাচন হবে। খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এই সময় সবার ঐক্যবদ্ধ থাকা ছাড়া আর কোনো বিকল্প নেই। আজ দুপুরে গণভবনে দলের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী এই কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঐক্যবদ্ধ থাকলে আমাদের বিজয় হবে। এ জন্য আপনাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। কী আপনারা এক হয়ে কাজ করবেন? যাকেই নৌকা দিব তারপক্ষে কাজ করবেন? মনোনয়ন প্রত্যাশীরা 'হা' সূচক কথা বলে হাত তোলেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, 'আপনারা কথা দিলেন?’ এ সময় প্রধানমন্ত্রীর কথায় মনোনয়ন প্রত্যাশীদের সবাই সম্মতি দেন। প্রধানমন্ত্রী আরও বলেন, আমি সবার সম্পর্কে জানি। আপনাদের সব তথ্য আমাদের কাছে আছে। কারা কি করেছেন, কারা কোন দল থেকে এসেছেন আমি সব জানি। বেশি লাফালাফি করার দরকার নেই। কোনো গ্রুপিং করারও দরকার নেই। আপনারা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ না করেন, তাহলে আগের মতো বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের সবার দায়িত্ব নিতে পারবো না। এবার নেত্রীকে বেটে খাওয়ালেও কাজ হবে না। আমরা আগামী নির্বাচন নিয়ে কাজ করছি না। আমরা কাজ করছি আগামী প্রজন্ম নিয়ে। আওয়ামী লীগের কোনো কোনো আসনে একাধিক প্রার্থী থাকার বিষয়ে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এসব আসনে যোগ্য নেতৃত্ব গড়ে উঠছে না। আপনারা যোগ্য নেতৃত্ব তৈরি করুন।