
মিথুন কুমারঃ গত বেশ কয়েকদিন ধরে রাজধানী ঢাকায় দিনে গরম থাকলেও রাতে কিছুটা ঠাণ্ডা অনুভূত হচ্ছে। ঢাকায় রাতে কখনো ঠাণ্ডা বা গরম পড়ছে। আবহাওয়ার এমন অবস্থা দেখে কবে নাগাদ শীত আসছে এমন আলোচনা এখন সবার মুখে। অনেকই বলছেন, হিম হিম শীত শীত/শীত বুঝি এলো রে। উত্তর দিক থেকে আসছে ঠাণ্ডা বাতাস। সকাল-সন্ধ্যে ঘাসের ওপর মুক্তোর মতো দেখা যাচ্ছে শিশিরের কণা। প্রকৃতিতে হাত বাড়লেই ঠাণ্ডাঠাণ্ডা ভাব। গাছ থেকে ঝরছে পাতা, ঝরছে শিউলি ফুল। শেষ রাতে গায়ে কাঁথা- কম্বল দিচ্ছে অনেকেই। যদিও দিনে গরমের তীব্রতা খুব একটা কমেনি। আজ নভেম্বরের শেষ দিনেও ভোরে ঢাকায় কুয়াশার ছড়াছড়ির দেখা মিলেছে। ষড়ঋতুর দেশে হেমন্ত মানেই চুপিচুপি শীতের আগমন। গাছের ঝরা পাতা, শিশির ভেজা ঘাস কিংবা ঘন কুয়াশায় চাদরে ঢাকা প্রকৃতি। সব মিলিয়ে শীতের পরশ একটু একটু করে লাগতে শুরু করেছে রাজধানীবাসীর গায়ে। নানা বিড়ম্বনাকে সঙ্গে নিয়ে ঢাকায় চুপি চুপি করে আসছে শীত। এরইমধ্যে হালকা শীতও পড়তে শুরু করেছে। সন্ধ্যার পর থেকেই বইছে ঠাণ্ডা হাওয়া। ভর দুপুরেও যেন হারিয়ে যেতে শুরু করেছে তাবদাহ। দিনের বেলা রোদ থাকলেও রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে মাঝারি কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে শীতের পরশ অনুভূত হতে শুরু করেছে। দরজায় শীত কড়া নাড়ায় ঢাকার অনেকেই লেপ-কম্বল রোদে দিয়ে শীতে ব্যবহারের জন্য তৈরি করছেন।
অন্যদিকে ঢাকায় শীত না পড়লেও ঠিকই গ্রাম এলাকায় এখন শীতের আমেজ। দিগন্তজোড়া মাঠের সবুজ প্রকৃতি এখন সবুজ আর হালকা হলুদ রঙে সেজেছে। শীতের স্বর্গীয় সৌন্দর্য ফুটে উঠছে মাঠে মাঠে। নগরজীবনে শীতের চিরায়ত রূপের দেখা না মিললেও গ্রামে শীতের আমেজ ভালোই বোঝা যাচ্ছে। দিনে রোদের তাপ থাকলেও সন্ধ্যার পর থেকেই ঝরতে শুরু করে কুয়াশা। রাত বাড়ার সঙ্গে কুয়াশাও বাড়তে থাকে। কুয়াশার চাদরের ভেতর দিয়েই উঁকি দেয় ভোরের সূর্য। গ্রামীণ জনপদে ধীরে ধীরে শীত নামছে। গ্রামে দিনে রোদ থাকলেও সন্ধ্যার পর বেশ শীত অনুভব করা যাচ্ছে। সন্ধ্যার পর আবহাওয়াও বেশ ঠান্ডা বলে জানিয়েছেন গ্রামের মানুষরা। দেশে পৌষ মাঘকে শীত কাল ধরা হলেও হেমন্তের শুরু থেকেই এসেছে আগাম শীত। সারাদিনের ভ্যাপসা গরমের পর রাতে শুরু হচ্ছে শীতের হিমেল পরশ।