
নিউজ ডেস্কঃ বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার চলতি সপ্তাহে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে যাবেন। আগামী মঙ্গলবার (০৪ ডিসেম্বর) তিনি সেখানে যেতে পারেন। আজ রবিবার ঢাকার মার্কিন দূতাবাস সূত্র এ তথ্য জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্ শুরু থেকেই রোহিঙ্গাদের তাদের নিজ ভূমিতে ফেরত পাঠাতে সক্রিয় রয়েছে। এ লক্ষ্যে মিয়ানমারের ওপর নানাভাবে চাপও প্রয়োগ করে চলেছে যুক্তরাষ্ট্র। সে কারণেই রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চান রাষ্ট্রদূত মিলার।
নতুন মার্কিন রাষ্ট্রদূত আগামী মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্পে যেতে পারেন। সেখানে দু’তিনদিন তিনি অবস্থান করবেন বলে জানা গেছে। এছাড়া যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহযোগিতা দিয়ে আসছে। রবার্ট আর্ল মিলার গত ১৮ নভেম্বর ঢাকায় এসেছেন। এরপর ২৯ নভেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তিনি পরিচয়পত্র পেশ করেন। সে সময় মার্কিন রাষ্ট্রদূত রাষ্ট্রপতির সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।