
নিউজ ডেস্কঃ প্রায় ৭ ঘণ্টা পর সিরাজগঞ্জের কামারখন্দে মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের পর ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে সোয়া ২টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধারের পর এটি ঈশ্বরদীর দিকে ছেড়ে যায়। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের প্রায় ৫০০ মিটার দূরে মালবাহী ট্রেনের বগিটি লাইনচ্যুত হয়।
জানা যায়, গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা বিইআই-২ ডাউন নামের মালবাহী একটি ট্রেন ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে যাচ্ছিল। ট্রেনটি জামতৈল রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার পর প্রায় ৫০০ মিটার দূরে ট্রেনটির চার নম্বর বগিটি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি রেলওয়ের কন্ট্রোলকে অবহিত করলে লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়। রাত ১২টার দিকে রিলিফ ট্রেন উদ্ধার অভিযানে কাজ শুরু করে। রাত সোয়া ২টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে।