News71.com
 Bangladesh
 13 May 16, 07:46 PM
 659           
 0
 13 May 16, 07:46 PM

রাজশাহীর বাগমারার এমপি এনামুল হকের বিরুদ্ধে ইউপি নির্বাচনে মনোনয়ন বানিজ্যের অভিযোগ।। দলীয় টিকিট পাইয়ে দিয়ে স্ত্রীর নামে লিখে নিয়েছেন জমি

রাজশাহীর বাগমারার এমপি এনামুল হকের বিরুদ্ধে ইউপি নির্বাচনে মনোনয়ন বানিজ্যের অভিযোগ।। দলীয় টিকিট পাইয়ে দিয়ে স্ত্রীর নামে লিখে নিয়েছেন জমি

নিউজ ডেস্কঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহীর বাগমারায় জমি রেজিস্ট্রি করে নেওয়া সহ লাখ লাখ টাকার বিনিময়ে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমপি এনামুল হক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ জমি ও টাকার বিনিময়ে দলের ত্যাগী ও যোগ্য নেতাদের বাদ দিয়ে জেএমবি সদস্য সহ বড় নেতাদের মনোনয়ন দিয়েছেন। গতকাল এসব অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন এমপি এনামুল হকের ছোট ভাই রেজাউল হক ও দলীয় ১১ বিদ্রোহী প্রার্থী।

নগরীর ভদ্রা এলাকার ১টি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেন উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে ১৫টিতেই মনোনয়ন-বাণিজ্য হয়েছে। ত্যাগী ও যোগ্য নেতা বাদ পড়ায় ১৩টি ইউনিয়নেই রয়েছে দলীয় একাধিক বিদ্রোহী প্রার্থী।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও বিদ্রোহী প্রার্থী আলমগীর সরকার।

তিনি অভিযোগ করেন এই ইউনিয়নে গত ৪০ বছর ধরে তার দাদা,বাবা,বড় ভাই ও নিজে পর্যায়ক্রমে ৮বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবার তিনি তৃণমূল্যের মনোনীত প্রার্থী হলেও এনামুল হক ও আসাদুজ্জামান আসাদ সেই মতামত গোপন করে জেএমবি সদস্য আবদুস সালামের নাম কেন্দ্রে পাঠিয়ে দেন। সালামকে মনোনয়ন দেওয়া হলে তিনি বিদ্রোহী প্রার্থী হন।

তিনি আরও বলেন পরে শুনেছি,তারা ২জন ৫৫ লাখ টাকা নিয়ে আবদুস সালামকে মনোনয়ন দিয়েছেন।জেএমবি সদস্য সালামকে মনোনয়ন দেওয়ার সংবাদটি প্রকাশ হলে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ মে তার মনোনয়ন বাতিল করেন।

এনামুল হকের ছোট ভাই মাড়িয়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল হক বলেন মাড়িয়া ইউনিয়নে সাংসদ এনামুল হক ১ বিঘা জমি ও ১০ লাখ টাকার বিনিময়ে মনোনয়ন দিয়েছেন সর্বহারা ও পরে জেএমবি সদস্য আসলাম আলী আসকানকে।

তিনি অভিযোগ করেন আসকান আলী মনোনয়ন পাওয়ার পরই পূর্ব শর্ত অনুযায়ী এনামুল হকের স্ত্রী তহুরা হকের নামে ১ বিঘা জমি রেজিস্ট্রি করে দেন। বাগমারা উপজেলা ভবানীগঞ্জ সাব রেজিস্ট্র অফিসে যোগাযোগ করা হলে তার অভিযোগের সত্যতা মেলে।প্রধান অফিস সহকারী রফিকুল ইসলাম জানান ২৮ এপ্রিল আসকান আলী জমিটি রেজিস্ট্রে করে দেন তহুরা হকের নামে।

মাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সদস্য আকবর আলী বলেন সাবেক চেয়ারম্যান হিসেবে আমাদেরই মনোনয়ন পাওয়ার কথা ছিল। তা না দিয়ে এমপি এনামুল স্ত্রীর নামে ১ বিঘা জমি নিয়ে আসকান আলীর কাছে মনোনয়ন বিক্রি করেন ।উপজেলার দীপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হামিদ টানা ৫বার আওয়ামী লীগের বিজয়ী চেয়ারম্যান। এবার তিনি মনোনয়ন চেয়েও পাননি। সেই ক্ষোভে তার ছেলে মখলেছুর রহমান দুলাল এবার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন।

সংবাদ সম্মেলনে দুলাল অভিযোগ করেন তার বাবাকে শুধু টাকার জন্য মনোনয়ন দেওয়া হয়নি। ৩৫ লাখ টাকার বিনিময়ে এই ইউনিয়নে মনোনয়ন দেওয়া হয়েছে বিকাশ চন্দ্র ভৌমিককে।জুগিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচিত সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল। এবার তাকে মনোনয়ন না দিয়ে দেওয়া হয়েছে এমপি এনামুল হকের বড় ভাইয়ের শ্যালক মাজেদুল ইসলাম সোহাগকে। এতে তিনি বিদ্রোহী প্রার্থী হয়েছেন।

তিনি অভিযোগ করেন সোহাগের কাছ থেকে ৩ বিঘা জমি নিয়ে এ মনোনয়ন দেওয়া হয়েছে বলে শুনেছি।হামিরকুৎসা ইউনিয়নের ২০১১ সালের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এবার বিদ্রোহী প্রার্থী হয়েছেন।

তিনি অভিযোগ করেন এবার তাকে মনোনয়ন না দিয়ে জেএমবি সদস্য আনোয়ার হোসেনকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে। এর জন্য ২০ লাখ টাকা তার কাছ থেকে নেওয়া হয়েছে।এ ব্যাপারে এমপি এনামুল হককে ফোন করা হলে তিনি মনোনয়ন-বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে বলেন যারা সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন তারা কেউই নৌকার লোক নয়। তারা ২০০৮ সালে কেউই নৌকার ভোট করেনি। পরে তারা বিভিন্ন কারণে আওয়ামী লীগের পদ পেয়েছে তাদের কাছে নৌকা প্রতীক নিরাপদ নয় বলে পায়নি।

জমি ও টাকার বিনিময়ে মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন টাকার প্রয়োজনে তারা জমি বিক্রি করেছে, আমাদের প্রয়োজন ছিল বলে কিনে নিয়েছি। যারা মনোনয়ন পেয়েছে,তাদের কাছে জিজ্ঞাসা করেন কত টাকা দিয়েছে স্বজনপ্রীতি করলে ছোট ভাইকে মনোনয়ন দিতাম,তাকেও দিইনি। মনোনয়ন দেওয়ার ক্ষমতা প্রধানমন্ত্রীর। তিনিই মনোনয়ন দিয়েছেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ অভিযোগ অস্বীকার করে বলেন রাজনীতি করলে এমন অপবাদ থাকবেই। জেএমবি,বাংলাভাইয়ের অনুচররা এমন অভিযোগ করতে পারে। কারও কাছ থেকে ১টি টাকা নিয়েছি এমন অভিযোগ থাকলে প্রমাণ করুক।

৭ মে বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এমপি এনামুল হকের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ এনে নির্বাচন কমিশন তাকে শোকজ করে ৫ মে উপজেলার সব ইউনিয়নের নির্বাচন স্থগিত করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন