
নিউজ ডেস্কঃ প্রতীক বরাদ্দের পর বাগেরহাট সদর আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী প্রধানমন্ত্রীর ভাতিজা শেখ সারহান নাসের তন্ময় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আজ সোমবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নৌকা প্রতীক পেয়ে তার সমর্থকরা শহরে গণ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলরোডের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। গণ মিছিলে প্রার্থী শেখ তন্ময়ের সাথে তার বাবা শেখ হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন। বেলাবাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকার দলের নেতাকর্মীরা খণ্ড-খণ্ড মিছিল নিয়ে শহরের রেলরোডের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। খুলনার গোটা শহর মিছিলের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে ।
আওয়ামী লীগের দক্ষিণাঞ্চলের নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও বাগেরহাট-১ আসনের প্রার্থী সাংসদ শেখ হেলাল উদ্দীন সমাবেশে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এবারের নির্বাচনে আমরা বাবা-ছেলে পাশাপাশি দুটি আসন থেকে নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার ছেলে শেখ তন্ময়কে বাগেরহাট সদর আসনে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। তাকে বিজয়ী করার দায়িত্ব আপনাদের। এই এলাকায় বর্তমান সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই এই এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নতুন মুখ শেখ পরিবারের সদস্য তরুণ প্রার্থী শেখ তন্ময়কে বাগেরহাট সদর আসনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি ।
সমাবেশে বক্তব্য দেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি সাংসদ অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমানসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।