News71.com
 Bangladesh
 15 Dec 18, 01:26 PM
 227           
 0
 15 Dec 18, 01:26 PM

১৯ ডিসেম্বর-১ জানুয়ারি পর্যন্ত সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ  

১৯ ডিসেম্বর-১ জানুয়ারি পর্যন্ত সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ   

নিউজ ডেস্কঃ সাপ্তাহিক ছুটি এবং সরকার ঘোষিত ছুটিসহ আগামী ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত কোর্টের অবকাশের কারণে সর্বোচ্চ আদালত তথা সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে বিচারিক বেঞ্চ গঠন করা হয়েছে। এর মধ্যে বিচারপতি মো. রেজাউল হক এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি এস এম মজিবুর রহমান সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এবং বিচারপতি মো. সেলিমের একক বেঞ্চে ফৌজদারী মামলা সংক্রান্ত বিষয়াদির শুনানি নিষ্পত্তি হবে। বিচারপতি এস এম এমদাদুল হক এবং বিচারপতি আহমেদ সোহেল সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি মো. খশরুজ্জামানের একক বেঞ্চে দেওয়ানী সংক্রান্ত মামলা শুনানি ও নিষ্পত্তি অনুষ্ঠিত হবে।

বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে রিট সংক্রান্ত বিষয়াদির শুনানি অনুষ্ঠিত হবে। বিচারপতি কে এম কামরুল কাদেরের একক বেঞ্চে আদিম অধিক্ষেত্রাধীন বিষয়াদি, ব্যাংক, কোম্পানি সংক্রান্ত মামলার শুনানি ও নিষ্পত্তি হবে। এছাড়াও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ভেকেশান জাজ হিসেবে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানকে মনোনীত করা হয়েছে। এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি মো. নূরুজ্জামান আগামী ২৪ ও ৩১ ডিসেম্বর বেলা ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে জরুরি মামলা সংক্রান্ত বিষয়ে শুনানি গ্রহণ করবেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন