
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলনে বেশ কিছু নতুন মুখ কেন্দ্রীয় কমিটিতে কার্যনির্বাহী সংসদ স্থান পাচ্ছেন। নতুনদের মধ্যে ১টি বড় অংশ আসবে তরুণ নেতৃত্ব থেকে। এবারের সম্মেলনে প্রবীণদের পাশাপাশি তরুণদের প্রধান্য দেওয়া হচ্ছে । দলকে আরও গতিশীল, যুগেপযোগী এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির পরিকল্পনা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সেই সঙ্গে প্রবীণদের অভিজ্ঞতা ও নবীনদের মেধা ও উদ্যমকে কাজে লাগিয়ে রাজনীতিতে এগিয়ে যেতে চায় আওয়ামী লীগ। এবারের সম্মেলনে সে রকম পরিকল্পনাই হাতে নেওয়া হয়েছে বলেও জানায় আওয়ামিলীগের সাথে সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য মহল।
আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে জানা যায়, এবারের সম্মেলনে তরুণ নেতাদের যারা কেন্দ্রীয় কমিটিতে আছেন, তাদের কেউ কেউ দলের গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন। পাশাপাশি দলের সহযোগী, ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃত্বে থেকে যারা দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়েছেন নতুন মুখ হিসেবে তাদের কেন্দ্রীয় কমিটিতে টানা হবে। বিশেষ করে ছাত্রলীগের সাবেক নেতৃত্ব, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই পাবেন অনেকেই ।
বিগত কয়েক বছরে ছাত্রলীগ থেকে বেশকিছু নেতা বেরিয়েছেন যারা বর্তমানে কোনো দায়িত্বে না থাকায় দলের কাজে আসতে পারছেন না, তাদের কাজে লাগিয়ে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করতে আওয়ামিলীগের কেন্দ্রীয় কমিটিতে নেওয়া হবে। তাছাড়া সরকারের মন্ত্রিসভায় থেকে দক্ষতার পরিচয় দিয়েছেন বা সফলতা দেখিয়েছেন এমন কেউ কেউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে আসতে পারেন ।
আগামী ১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের ২০তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে সামনে রেখে ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে দলের মধ্যে নানা হিসাব-নিকাশ চলছে। কেন্দ্রীয় কমিটিতে নতুন কারা আসছেন, কে কোথায় ঠাঁই পাচ্ছেন তা নিয়ে চলছে নানা আলোচনা ও গুঞ্জন । আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, সম্মেলনে দলের সভাপতিমণ্ডলি থেকে শুরু করে যুগ্ম সাধারণ সম্পাদক, সম্পাদকমণ্ডলি এবং কার্যনির্বাহী সদস্য পদে পরিবর্তন আসছে। এই পরিবর্তনে পুরনোদের পাশাপশি নতুনরাও স্থান পাবেন।
ছাত্রলীগের সাবেক নেতাদের মধ্য থেকে যাদের আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে আসার কথা শোনা যাচ্ছে। তাদের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক শাকিল, সাবেক সভাপতি লিয়াকত শিকদার, ওই কমিটিরই ভারপ্রাপ্ত সভাপতি প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, শাহে আলম, ইকবালুর রহীম, ইসাহাক আলী খান পান্না, বাহাদুর বেপারি, অজয় কর খোকন ও নজরুল ইসলাম বাবু এমপি ।
দলের সহযোগী সংগঠনের নেতৃত্ব রয়েছেন এমন কয়েকজন নেতার নাম শোনা যাচ্ছে যারা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে আসতে পারেন। এরা হলেন- যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউছার, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল ।
এদিকে, মন্ত্রিসভায় থাকা তরুণ নেতাদের মধ্যে নাম শোনা যাচ্ছে- ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের । তাছাড়াও বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা প্রয়াত আব্দুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাক এমপি , শ্রমিক নেতা আহসানুল্লাহ মাস্টারের ছেলে জাহিদ হাসান রাসেল এমপি, শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নূজহাত চৌধুরী, শহিদুল্লাহ কায়সারর মেয়ে শমী কায়সারের নামও শোনা যাচ্ছে ।