News71.com
 Bangladesh
 17 May 16, 11:49 AM
 619           
 0
 17 May 16, 11:49 AM

কুমিল্লার কলেজ ছাত্রী তনু হত্যার চাঞ্চল্যকর মোড় ।। ডিএনএ পরীক্ষায় মিলেছে গনধর্ষণের আলামত

কুমিল্লার কলেজ ছাত্রী তনু হত্যার চাঞ্চল্যকর মোড় ।। ডিএনএ পরীক্ষায় মিলেছে গনধর্ষণের আলামত

অরন্য অরনী : কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকান্ড নতুন মোড় নিয়েছে । ডিএনএ'র মত মৌলিক পরীক্ষা বলছে হত্যার আগে তনুকে গনধর্ষণ করা হয়। মৃতার শরীর থেকে নেওয়া নমুনার ডিএনএ পরীক্ষা করে ধর্ষণের সুস্পষ্ট আলামত মিলেছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী সংস্থা সিআইডি কর্মকর্তা । এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত-তদারক কর্মকর্তা সিআইডির কুমিল্লার বিশেষ পুলিশ সুপার নাজমুল করিম খান গতকাল সোমবার রাতে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর তাঁরা নিশ্চিত হয়েছেন, তনুকে ধর্ষণ করা হয়েছে।

বাংলাদেশ পুলিশের সর্বোচচ তদন্ত সংস্থা সিআইডি'র এই কর্মকর্তা বলেন, কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর শরীর থেকে গৃহীত নমুনার ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে মোট চারজনের ডিএনএ প্রোফাইলের কথা বলা হয়েছে। এর মধ্যে একটি প্রোফাইল তনুর রক্তের। বাকি তিনটি প্রোফাইল পৃথক তিনজনের। পরীক্ষায় এই তিনজনের বীর্যের আলামত পাওয়া গেছে। অতএব ডিএনএ টেস্টের রিপোর্ট অনুয়ায়ী তনুকে হত্যার আগে নুন্যতম তিনজন তাকে ধর্ষণ করেছে এটা সুস্পষ্ট ভাবে বলা যায় ।

সিআইডির অপর একটি সূত্র জানায়, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন কিছুদিন আগেই সিআইডির কাছে এসেছে। তারা বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও অবহিত করেছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন , মামলাটির তদন্তাধীন আছে তাই তদন্তাধীন কোন বিষয়ে তিনি মন্তব্য করবেন না।

এদিকে ডিএনএ পরীক্ষার ফলাফলের কথা জানিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তনুর বাবা ইয়ার হোসেন গনমাধ্যম কর্মীদের গত রাতে মুঠোফোনে জানিয়েছেন, ‘সিআইডির পুলিশ সুপার নাজমুল করিম খান যে বক্তব্য দিয়েছেন, তা আমি সঠিক বলে মনে করি। আমি আগেই এমন ধারণা করেছিলাম।’

উল্লেখ্য এর আগে গত ৩০ মার্চ দ্বিতীয় দফা ময়নাতদন্তের জন্য তনুর লাশ কবর থেকে তোলা হয়। তখন ডিএনএ পরীক্ষার জন্য তনুর শরীর থেকে কিছু নমুনা নেওয়া হয়েছিল। ওই দিন সন্ধ্যায় কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন প্রথম আলোকে বলেছিলেন, ওই দিন পর্যন্ত পাওয়া তথ্য এবং পারিপার্শ্বিক আলামত থেকে ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে। তাই দ্বিতীয় দফা ময়নাতদন্তে এ-সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন চেয়েছেন তাঁরা। প্রতিবেদন পাওয়ার পর সব বিষয় স্পষ্ট হবে।
এরপর ১ এপ্রিল মামলাটির তদন্তের দায়িত্ব পুলিশের কাছ থেকে সিআইডিতে স্থানান্তরিত হয়। এর দেড় মাসের মাথায় এসে গতকাল সিআইডির তদন্ত-তদারক কর্মকর্তা জানালেন, ডিএনএ পরীক্ষায় তনুকে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

এ বিষয়ে তনুর মা আনোয়ারা বেগম জানিয়েছেন, তার মেয়েকে যারা ধর্ষণ করে হত্যা করা হয়েছে, যারা এই পাশবিক ঘটনায় জড়িত তিনি তাদের ফাঁসি দাবি করেন ।’ তিনি বলেন, দেরিতে হলেও আস্তে আস্তে এই হত্যার জট খুলছে। এ জন্য তিনি পুলিশকে ধন্যবাদ জানান। উল্লেখ্য তনুর মা এর আগে ১০ মে কুমিল্লায় প্রথমে সাংবাদিকদের, তারপর সিআইডির কর্মকর্তাদের বলেছিলেন, সেনানিবাসের ভেতরে তনুকে হত্যা করা হয়েছে। সার্জেন্ট জাহিদ ও সিপাহি জাহিদ তনুকে ডেকে নিয়ে যান। এরপর আর তনু ফিরে আসেননি। ওই দুই সেনাসদস্য এ হত্যায় জড়িত বলে তিনি মনে করেন।

কুমিল্লার সরকারি ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু গত ২০ মার্চ খুন হন। ওই দিন রাতে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের ভেতর একটি ঝোপ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন বাবা ইয়ার হোসেন। এরপর তনু হত্যার ঘটনা দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। তনুর খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সারা দেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ নানা সামাজিক, সাংস্কৃতিক সংগঠন টানা বেশ কিছুদিন কর্মসূচি পালন করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন