
নিউজ ডেস্কঃ ফাল্গুনের মাঝামাঝি সময়ে পশ্চিমা লঘুচাপের জন্য দেখা দিয়েছে ঝড়-বৃষ্টি। আজ সোমবার সকালে ঢাকা ও এর আশেপাশে এক পশলা বৃষ্টি হয়েছে, সঙ্গে ছিল বাতাস। আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আগামী তিনদিন এমন ঝড়-বৃষ্টির দেখা মিলবে। আবহাওয়া অধিদফতর জানায়, আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর বেলা গড়াতে রোদও উঠে। তবে ঢাকার আকাশে চলছে মেঘ-রোদের লুকোচুরি খেলা। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, সোমবার সকালে ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী তিনদিন ধরে দেশের কোথাও না কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি থাকবে। আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। কোথাও কোথাও ঝোড়ো বাতাস থাকবে। সাথে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তিনি বলেন, ‘অবস্থাটা এমন হবে যে, ঝড়বৃষ্টি হওয়ার কিছুক্ষণ পর আবার পরিস্থিতি ভাল হয়ে যাবে। এ সময়ে দিনের তাপমাত্রাও অনেকটা কমে যাবে। পশ্চিমা লঘুচাপের প্রভাবে এমনটা হচ্ছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য ২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানায়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত (পুন.) ২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুন.) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটের শ্রীমঙ্গলে ১৪ দশমিক ২ ডিগ্রি ও রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীর খেপুপাড়ায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।