
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রাথমিক যাচাই বাচাইয়ে জিএস পদে স্বতন্ত্র প্রার্থী এ আর এম আসিফুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আসিফুর মনে করেন উদ্দেশ্যমূলকভাবে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানিয়েছেন তিনি। আসিফুর রহমান বলেন, ডাকসু নির্বাচনের সব বিধি মেনে আমি মনোনয়নপত্র দাখিল করেছি। তারপরও আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কী কারণে বাতিল হয়েছে তা জানানো হয়নি। উদ্দেশ্যমূলকভাবে একটি পক্ষকে সুবিধা দেওয়ার জন্য প্রশাসন এ কাজ করেছে। আজ বৃহস্পতিবার প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন আসিফুর রহমান। তিনি বলেন, আমি আজ বৃহস্পতিবার এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবো। এতে সমাধান না হলে, উচ্চ আদালতে যাবো। গতকাল বুধবার সন্ধ্যায় বৈধ প্রার্থীদের তালিকা ডাকসুর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
তালিকায় ভিপি পদে ২০ জন, জিএস পদে ১২ জন, এজিএস ১৩ জন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদে ১১ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৯ জন, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ৯ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ১৩ জন, সাংস্কৃতিক সম্পাদক পদে ১২ জন, ক্রীড়া সম্পাদক পদে ১১ জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে ১০ জন, সমাজসেবা সম্পাদক পদে ১৫ জন এবং সদস্য পদে ৮৮ জন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে ডাকসু কর্তৃপক্ষ। এদিকে, প্রাথমিক যাচাই বাছাইয়ে পর ভোটার তালিকায় নাম না থাকা, দেরিতে মনোনয়নপত্র জমা দেওয়াসহ বিভিন্ন কারণে বাদ পড়েছেন ছাত্রলীগ, ছাত্রদল, স্বতন্ত্র ও বাম ছাত্র সংগঠনগুলোর ৩১ জন প্রার্থী। এর মধ্যে সাতজন কেন্দ্রীয় সংসদের পদ প্রত্যাশী এবং ২৪ জন হল সংসদে বাদ পড়েছেন। ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকতা অধ্যাপক এস এম মাহফুজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ১৯ ফেব্রয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করে ২৬ ফেব্রুয়ারি দুপুর ১২টার মধ্যে জমা দেন। যেখানে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের জন্য ২৩৭ জন ও ১৮টি হল সংসদের ১৩টি পদের বিপরীতে ৫৯৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ডাকসুর তফসিল অনুযায়ী, প্রাথমিক তালিকার বিষয়ে কোনও আপত্তি থাকলে আজকের মধ্যে লিখিতভাবে হল প্রশাসনকে জানানো যাবে। লিখিত অভিযোগ যাচাই বাছাই শেষে আগামী ৩ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয়। এরপর শুরু হবে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা। এই মুহুর্তে শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।