
নিউজ ডেস্কঃ বাংলাদেশে যৌথ প্রশিক্ষণটিতে যোগ দিতে আগামীকাল শুক্রবার (১ মার্চ) ভারতীয় বিমান বাহিনীর বিশেষ এয়ারক্রাফট আইএল-৭৬ এ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে ভারতীয় সেনাবাহিনীর ১৭০ সদস্যের দল। প্রশিক্ষণটি মার্চের ২ থেকে ১৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ৮ম বারের মতো অনুষ্ঠিত হওয়া এই প্রশিক্ষণ টাঙ্গাইলে অবস্থিত বঙ্গবন্ধু সেনানিবাস ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত হবে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার আন্তঃক্রিয়া ও সহযোগকে শক্তিশালী করাই এই প্রশিক্ষণটির মূল উদ্দেশ্য।একইসঙ্গে প্রশিক্ষণটির মাধ্যমে সন্ত্রাসবাদ মোকাবিলায় একে অপরের অভিজ্ঞতা থেকে নিজেদের আরও সমৃদ্ধশালী করে তুলবে তারা।
সেনাবাহিনীর এবারের আয়োজিত সম্প্রীতি প্রশিক্ষণে প্রথমবারের মতো বন্যা ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের সময়ে ত্রাণ ব্যবস্থাপনা ও এর প্রতিক্রিয়া ব্যবস্থার প্রশিক্ষণ পাবে। যৌথ এ প্রশিক্ষণটি দুই দেশের প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যকার শক্তিশালী সম্পর্কের প্রতীক। প্রশিক্ষণ শেষে ১৬ মার্চ একই এয়ারক্রাফটযোগে নিজ দেশে ফিরে যাবে ভারতীয় সেনাবাহিনীর দলটি। সর্বপ্রথম ২০১১ সালে ভারতের আসাম রাজ্যে যৌথ এ প্রশিক্ষণটি শুরু হয়। এরপর থেকে দুই দেশই পালাক্রমে এর আয়োজন করে আসছে। এর আগে ২০১৮ সালে ভারতের মিজোরাম রাজ্যের ভৈরেংতে শহরে অবস্থিত কাউন্টার ইনসার্জেন্সি ও জঙ্গল ওয়ারফেয়ার স্কুলে এটি অনুষ্ঠিত হয়েছিল।