
নিউজ ডেস্কঃ আগামীকাল শুক্রবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ মিছিল করবে হেফাজত। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে হেফাজত জানিয়েছে, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন জাতীয় সংসদে আহমদিয়া মুসলিম জামাতের পক্ষ নিয়েছেন এবং হেফাজত আমির আহমদ শফী সম্পর্কে কটূক্তি ও কওমি মাদ্রাসা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন।
এর প্রতিবাদেই আগামীকাল শুক্রবার এ বিক্ষোভ সমাবেশ করবেন হেফাজত অনুসারীরা। এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, হেফাজত আমির শাহ আহমদ শফীর নির্দেশে ঢাকা মহানগর হেফাজত আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ করবে। ঢাকা মহানগর হেফাজতের সভাপতি নূর হোছাইন কাসেমীর এ বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করবেন।