News71.com
 Bangladesh
 18 Mar 19, 05:37 AM
 110           
 0
 18 Mar 19, 05:37 AM

রাজধানীর আরও তিন এলাকায় চালু হবে চক্রাকার বাস: ডিএমপি কমিশনার

রাজধানীর আরও তিন এলাকায় চালু হবে চক্রাকার বাস: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক: রাজধানীর ধানমণ্ডি, মতিঝিল ও উত্তরা এলাকায় চক্রাকার বাস সার্ভিস চালু হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। রোববার সোনারগাঁও হোটেলের উল্টোপাশে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ উদ্বোধনের সময় তিনি এ তথ্য জানান। তিনি বলেন, এখন গুলশান এলাকায় চক্রাকার বাস সার্ভিস চালু আছে। আগামী এপ্রিল থেকে এই কার্যক্রম চালু হবে ধানমণ্ডি, মতিঝিল ও উত্তরায়। এতে যানজট কিছুটা কমে আসবে। কারণ, তখন মতিঝিলের বাস উত্তরা বা ধানমণ্ডি যাবে না। ডিএমপি সূত্র জানিয়েছে, ঢাকাবাসীকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধকরণ এবং ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে গতকাল থেকে শুরু হয়েছে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ কার্যক্রম। চলবে ২৩ মার্চ পর্যন্ত। দুপুর সাড়ে ১২টায় ডিএমপি কমিশনার এই কার্যক্রম উদ্বোধন করেন।

কমিশনার বলেন, সড়কের শৃঙ্খলা ফেরাতে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারপরও আইন না মানার প্রবণতার ফলে সব চেষ্টা বিফলে যাচ্ছে। আইন না মানার সংস্কৃতি বড় সমস্যা। রাজধানীর সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন তিনি।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন সড়কে চলাচল করা যাত্রীবাহী বাসগুলো ছয়টি কোম্পানির মাধ্যমে চলবে। এতে সড়কে যাত্রী তোলার প্রতিযোগিতা কমবে এবং দুর্ঘটনা হ্রাস পাবে। এই কার্যক্রমের প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে।সোনারগাঁও ক্রসিং এলাকায় কমিশনার গণপরিবহনের যাত্রীদের ফুল ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এর আগে গত ১৫ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ট্রাফিক শৃঙ্খলা পক্ষ পালন করে পুলিশ। এ ছাড়া ২০১৮ সালের ৫-১৪ আগস্ট ট্রাফিক সপ্তাহ, ৫-৩০ সেপ্টেম্বর ট্রাফিক আইন বাস্তবায়নের লক্ষ্যে ট্রাফিক সচেতনতা মাস এবং ২৪-৩১ অক্টোবর ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ পালন করে ডিএমপি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন