News71.com
 Bangladesh
 19 Mar 19, 05:17 AM
 115           
 0
 19 Mar 19, 05:17 AM

উপজেলা নির্বাচন॥ভোট শেষে ফেরার পথে রাঙামাটিতে ব্রাশফায়ার, দু্ই নির্বাচনী কর্মকর্তাসহ নিহত ৭

উপজেলা নির্বাচন॥ভোট শেষে ফেরার পথে রাঙামাটিতে ব্রাশফায়ার, দু্ই নির্বাচনী কর্মকর্তাসহ নিহত ৭

নিউজ ডেস্কঃ রাঙামাটিতে ভোট শেষে ব্যালট বাক্সসহ নির্বাচনি সরঞ্জাম নিয়ে উপজেলা সদরে ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তদের ব্রাশফায়ারে দুই নির্বাচনি কর্মকর্তাসহ সাত জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন আনসার সদস্য। তাদের মধ্যে দুজন নারী। সাজেক ইউনিয়নের একটি কেন্দ্রের ফল ঘোষণা শেষে চাঁদের গাড়িতে করে বাঘাইছড়ি উপজেলা সদরে ফিরছিলেন তারা। নিহত অন্যজনকে হামলাকারী হিসেবে সন্দেহ করছে স্থানীয়রা। তবে স্থানীয় অন্যরা জানিয়েছেন, তিনি আরেকটি চাঁদের গাড়ির চালকের সহকারী (হেলপার)। হামলায় আহত হয়েছেন আরও ১০ জন। গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে বাঘাইছড়ির নয় মাইল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে নিহত পোলিং অফিসার হচ্ছেন স্থানীয় কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আমির হোসেন। আর নিহত চার আনসার ও ভিডিপির সদস্যরা হচ্ছেন মো. আল আমিন, মিহির কান্তি দত্ত, বিলকিস ও জাহানারা বেগম। নিহত অপরজনকে মন্টু চাকমা হিসেবে শনাক্ত করেছে স্থানীয়রা। এছাড়াও গুরুতর আহত ১১ জনকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানোর পথে আবু তৈয়ব নামে আরেকজন নির্বাচন কর্মকর্তা মারা যান। তিনি সাজেকের ওই কেন্দ্রে সহকারী নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে, ঘটনাস্থলের পাশের একটি ঝোঁপ থেকে আরেকটি মৃতদেহ উদ্ধার হয়েছে। স্থানীয়রা তার নাম মন্টু চাকমা বলে জানিয়েছে। তবে সে অন্যতম হামলাকারী নাকি ঘটনার শিকার তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। স্থানীয়দের একটি অংশ জানিয়েছেন, চাঁদের গাড়িটিতে সন্ত্রাসীরা ব্রাশফায়ার করার সময় আনসার সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এ সময় আনসার সদস্যদের গুলিতে মন্টু চাকমা নিহত হন। তবে আরেকদল স্থানীয় বলেছেন, মন্টু নির্বাচনি কর্মকর্তাদের পেছেনে থাকা আরেকটি চাঁদের গাড়ির চালকের সহকারী ( হেলপার) ছিলেন। এ হামলায় আহতদের হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাঘাইছড়ি ইউএনও নাদিম সরোয়ার। আহতরা হলো, রওশন আরা বেগম (৫০) , শারমিন আক্তার (২১), জ্যোৎসা চাকমা (৩০), ফুল কুমারী চাকমা (৪৩), সীমা চাকমা (৪২), কহিনুর আক্তার (২৫), বিন্দুস্বর চাকমা, মো. জাফর আলী, মো. মাসুম (২১), মো. কবির (৪২), মো. বিল্লাল (৩৫), স্টং চাকমা (২৭), মো. রাজ্জাক (৫০), কাঞ্চন কান্তি দে (৩২), মিজানুর রহমান (৩০), মো. সোহেল (৩৩), মাহাবুব আলম (২৩), নীর বিকাশ চাকমা (৫২), সাদ্দাম হোসেন (১৫), বদিউর আলম ৪৩), মো. এনামুল হক (৩৭) ও সিজক কলেজ অধ্যক্ষ প্রিজাইডিং অফিসার আব্দুল হান্নান।

রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগীর কবীর অজ্ঞাতনামা সন্ত্রাসীদের গুলিতে ছয়জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা গিয়েছেন। আমরা সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান শুরু করেছি। এদিকে একাধিক সূত্র জানায়, সন্ত্রাসীদের হামলায় ছয়জন নিহত হওয়ার খবরের পর রাঙ্গামাটিতে নিয়োজিত সেনাবাহিনী ও বিজিবির সদস্যরাও ঘটনাস্থলে গিয়েছেন। সন্ত্রাসীদের ধরতে যৌথভাবে অভিযানের প্রস্তুতিও চলছে। দ্বিতীয় দফার উপজেলা নির্বাচনে আজ রাঙ্গামাটির সাতটি উপজেলায় ভোট অনুষ্ঠিত হয়। এরমধ্যে বাঘাইছড়ি উপজেলাও রয়েছে। এ হামলার দায়িত্ব এখনও স্বীকার করেনি কেউ। প্রশাসনও এখন পর্যন্ত দুর্বৃত্তদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। স্থানীয়রা জানিয়েছেন, এ নির্বাচনে জাতীয় কোনও রাজনৈতিক দলের প্রার্থী ছিল না। পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি ( জেএসএস) ও এই দলটি ভেঙে কয়েক বছর আগে গঠন করা জনসংহতি সমিতির (এমএন লারমা) দুই প্রার্থী নির্বাচনে অংশ নেন। জেএসএস প্রার্থী বড়ঋষি চাকমা অনিয়মের অভিযোগ এনে আজ দুপুরে নির্বাচন বর্জন করেন। নির্বাচনে এমএন লারমার প্রার্থী সুদর্শন চাকমা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন