
নিউজ ডেস্ক: সরকারের রূপকল্প ২০২১-এর অন্যতম লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করা। ২০০৮ সালে নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ ডিজিটাল দেশ গড়ার প্রতিশ্রুতি দেওয়ার পর এই ১১ বছরে অনেক অগ্রগতি হয়েছে। সেবামুখী বহু ডিজিটাল সেবা পৌঁছে গেছে গ্রামে গ্রামে। তবে দুর্নীতি রোধ ও সুশাসনের জন্য সরকারের সর্বোচ্চ পর্যায়ের দপ্তরগুলোর ডিজিটালাইজেশন প্রক্রিয়া মোটেও আশাব্যঞ্জক নয়। একশ্রেণির কর্মকর্তার অনীহায় এখনও বেশিরভাগ সরকারি অফিসে ই-ফাইলিং কার্যক্রম পুরোপুরি শুরু হয়নি। ফলে আগের মতো হাতেকলমেই চলছে ফাইলের কাজ। এতে করে প্রশাসনে জিইয়ে রয়েছে লালফিতার দৌরাত্ম্য। অনেক ফাইলের হদিসও মিলছে না। বিশেষজ্ঞরা বলছেন, ই-ফাইলিং ব্যবস্থা চালু হলে ফাইল আটকে রেখে দুর্নীতি করার পথ কমে যাবে। সহজে খুঁজে পাওয়া যাবে ফাইল।
সরকারি তথ্যমতে, ৭৬ দশমিক ১৩ শতাংশ সরকারি অফিসে এখনও ই-ফাইলিং কার্যক্রম শুরুই হয়নি। আর হাতেগোনা যেসব অফিসে তা চালু হয়েছে, সেখানে গতানুগতিক কাজ ছাড়া গুরুত্বপূর্ণ কোনো নথি ই-ফাইলিং করা হচ্ছে না। ফলে এ ক্ষেত্রে এই অফিসগুলোও ৫০ শতাংশ কার্যকর। অফিসপ্রধান ছাড়া অন্য কর্মকর্তাদের জন্য চালু হয়নি ডিজিটাল স্বাক্ষর। ফলে শতভাগ ডিজিটাল সেবা ও কাগজবিহীন অফিস গড়ার স্বপ্নও অনিশ্চিত হয়ে পড়েছে।অনুসন্ধানে জানা যায়, প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অবহেলায় বাস্তবায়ন হচ্ছে না ই-ফাইলিং ব্যবস্থা। দেশে সরকারি অফিস রয়েছে ১৯ হাজার। এর মধ্যে ই-ফাইলিং ব্যবহার করছে মাত্র চার হাজার ৫৩৮টি, যা মোট অফিসের ২৩ দশমিক ৮৭ শতাংশ। ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগে, ৭২টি অধিদপ্তর ও পরিদপ্তরে, ২৭০টি দপ্তর ও সংস্থায়, বিভাগীয় পর্যায়ে ১২০টি, জেলা পর্যায়ে দুই হাজার ৩৫টি, উপজেলা পর্যায়ে এক হাজার ৮১৮টি ও অন্যান্য ১৬৪টি অফিসে এখন ই-ফাইলিং ব্যবহার করা হচ্ছে। ই-ফাইলিংয়ের সুবিধার ফলে এরই মধ্যে অনেক বেসরকারি অফিসেও এর ব্যবহার শুরু হয়েছে।
প্রযুক্তিবিদরা বলেছেন, সরকারের রূপকল্প ২০২১-এর অন্যতম লক্ষ্য হলো ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এ জন্য সবার আগে সরকারকেই ডিজিটাল হতে হবে। আর সরকারকে ডিজিটাল করতে ই-ফাইলিং ব্যবহারের কোনো বিকল্প নেই। এর ব্যবহার নিশ্চিত না হলে কাগজবিহীন অফিস ও ডিজিটাল বাংলাদেশ গড়ার সরকারের মহৎ উদ্যোগ ভেস্তে যাবে। সরকারি অফিসগুলোতে বন্ধ হবে না অনিয়ম, দুর্নীতি, হয়রানি ও তদবির। এতে দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়ন করাও কঠিন হবে।ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার সমকালকে বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে চাইলে সরকারকে ডিজিটাল হতেই হবে। এ জন্য সরকারি অফিসের প্রতিটি সেবাই ডিজিটাল করতে হবে। এতে ই-ফাইলিংয়ের কোনো বিকল্প নেই। এ কাজে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সক্রিয় করতে হবে। কারণ, একজন সিনিয়র সচিব এটি বাস্তবায়ন করলে অধীনস্থরা এমনিতেই তা করতে বাধ্য হবে। তবে সরকার ডিজিটাল হতে না পারলে ডিজিটাল বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে না।
তবে ই-ফাইলিং পুরোপুরি বাস্তায়নের লক্ষ্যে সরকার নানা ধরনের উদ্যোগ নিয়েছে। চলতি অর্থবছর থেকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আবশ্যিক ২৫ নম্বরের মধ্যে ৩ নম্বর ই-ফাইলিংয়ের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। ডাক থেকে সৃজিত নোট, নোটে নিষ্পন্ন ও পত্র জারি করলে সংশ্নিষ্ট কর্মকর্তারা এপিএতে এই ৩ নম্বর পাবেন। আগামী অর্থবছর থেকে এই নম্বর বেড়ে ৪ হতে পারে। এ ছাড়া ই-ফাইলিং ব্যবহারের মাধ্যমে পত্রগ্রহণ ও জারি, অনলাইনে জারিকৃত নথি পুনরায় হার্ডকপিতে উপস্থাপন না করা, অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল অ্যাপের মাধ্যমে নথি ব্যবহারে উৎসাহ প্রদান এবং বিভাগ, জেলা ও উপজেলা অফিসে আবশ্যিকভাবে ই-ফাইলিং ব্যবহারের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একাধিক নির্দেশনা জারি করা করেছে।