
নিউজ ডেস্ক: অবকাশকালীন ছুটি শুরু হওয়ায় আগামী ৩০ মার্চ পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ আদালতের হাইকোর্ট ও আপিল বিভাগের নিয়মিত বিচারকার্য বন্ধ থাকবে। গতকাল সোমবার (১৮ মার্চ) থেকে এই অবকাশকালীন ছুটি শুরু হয়েছে। আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, অবকাশকালীন ছুটির জন্য সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারকার্য বন্ধ থাকবে ৩০ মার্চ পর্যন্ত থাকবে। ৩১ মার্চ থেকে সর্বোচ্চ আদালতের নিয়মিত বিচারিক কার্যক্রম যথারীতি শুরু হবে।
তবে এ সময় নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকলেও আপিল ও হাইকোর্ট বিভাগে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চ রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্টের ৪টি দ্বৈত বেঞ্চ এবং তিনটি একক বেঞ্চে অবকাশে জরুরি মামলা সংক্রান্ত কার্যক্রম চলবে।