
নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। গতকাল শুক্রবার বেলা পৌনে ১১টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি নাইটিঙ্গেলের দিকে এগিয়ে স্কাউট মার্কেট ঘুরে ফকিরাপুল অভিমুখে কিছুদূর এগিয়ে নয়াপল্টন মসজিদ ঘুরে বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিলে জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায়, মৎস্যজীবী দলের সদস্যসচিব আব্দুর রহিম, নীলফামারী জেলা বিএনপির আহবায়ক আলমগীর সরকারসহ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিল শেষে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় অ্যাডভোকেট নিপুন রায়ের সঞ্চালনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন। সংক্ষিপ্ত সমাবেশে রিজভী আহমেদ বলেন, দেশে নৈরাজ্যজনক পরিস্থিতি আর চলতে দেয়া যায় না। স্বৈরশাসনের কশাঘাতে জনগণের মনে বিষাদঘন অবস্থা বিরাজমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটকিয়ে রাখা হয়েছে দস্যুবৃত্তির পন্থায়। তাকে চিকিৎসা না দিয়ে অসুস্থতাকে গুরুতর করার যাবতীয় ব্যবস্থা করে যাচ্ছে সরকার। রিজভী বলেন, বেগম জিয়া যাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন সেই প্রহর গুনছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ’৭৫- এর হুবহু বাকশাল পুনঃপ্রর্বতনের অঙ্গীকার ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রীর সম্প্রতি দেয়া এক বক্তব্যকে উদ্দেশ করে রিজভী বলেন, এই বক্তব্য এক ভয়াবহ অশনিসংকেত। দেশে আরও বিপজ্জনক দুঃসময়ের অশুভ বার্তা প্রধানমন্ত্রীর এই বক্তব্য। গণতন্ত্র হত্যাই আওয়ামী লীগের আদর্শ। ক্ষমতায় এসে এরা গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে কর্তৃত্ববাদী শাসন চালিয়ে জনগণকে বারবার ক্রীতদাস বানিয়েছে।