News71.com
 Bangladesh
 05 Apr 19, 05:08 PM
 159           
 0
 05 Apr 19, 05:08 PM

বাংলাদেশে একদলীয় শাসনব্যবস্থা চলছে: মির্জা ফখরুল

বাংলাদেশে একদলীয় শাসনব্যবস্থা চলছে: মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে তো এখন কোনও রাজনীতি নেই, রাজনীতি তো একটা দলের কাছেই চলে গেছে। আজ শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও কালিবাড়িতে তার নিজ বাসবভনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। ফখরুল আরও বলেন, যে কথা আমি সব সময় বলি এই দেশে একটা একদলীয় শাসনব্যবস্থা একবার এসেছিল ৭৫’ এ। বাকশালের মাধ্যমে। সেটা চলে যাওয়ার পর এখন আবার একদলীয় শাসন ব্যবস্থা পুরোপুরি কার্যকর হয়ে গেছে। এখন যেটা আছে সেটা হলো ছদ্মবেশি গণতন্ত্র। আসলে প্রকৃতপক্ষে এটা একটা একদলীয় শাসনব্যবস্থা চলছে বাংলাদেশে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে আজকে কারাগারে আটকে রাখা হয়েছে এবং যেটা তার আইনগতভাবে পাওনা জামিন সেটাও তিনি পাচ্ছেন না। বর্তমান সরকার সম্পর্কে তিনি আরও বলেন, আমরা প্রতিদিনই মনে করব যে, এটা একটা বেআইনি দখলদারি সরকার বসে আছে। তাকে মেনে নেওয়ার তো কোনও কারণই নেই। আমরা সরকারকে বলেছি এই নির্বাচনকে বাতিল করে পুনরায় একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আবু তাহের দুলাল, জেলা বিএনপির দফতর সম্পাদক মামুন-উর-রশিদ, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম সোহাগসহ অন্যান্য নেতাকর্মীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন