
নিউজ ডেস্কঃ বিএড ছাড়াই মাদরাসায় কৃষি বিষয়ে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের যোগদান করানোর জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বৃহস্পতিবার এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ মার্চ মাদরাসার এমপিও নীতিমালা ও জনবল কাঠামোর সংশোধনী জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। এ সংশোধনী অনুযায়ী মাদরাসায় কৃষি বিষয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে বিএড লাগবে না বলে বলা হয়েছে। তাই মাদরাসায় কৃষি বিষয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশ প্রাপ্তদের সংশোধিত নিয়োগ যোগ্যতা প্রযোজ্য হবে। এনটিআরসিএর সুপারিশ পেয়েও বিএড ডিগ্রি না থাকায় নিয়োগ নিয়ে দ্বিধায় ছিলেন কৃষি বিষয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা। গত বছর জারি করা মাদরাসা এমপিও নীতিমালা এবং স্কুল-কলেজ, ব্যবসায়-ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালার কয়েকটি বিষয় অসামঞ্জস্য ছিল। তাই মাদরাসার এমপিও নীতিমালা সংশোধনের উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। সংশোধন শেষে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।