
নিউজ ডেস্ক: জাতীয় পার্টি কোনো পারিবারিক বিষয় নয় যে, একজন মারা গেলে তার উত্তরসূরী দায়িত্ব নেবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। আজ শনিবার এক প্রক্রিয়ায় সাংবাদিকদের এ কথা জানান তিনি। এর আগে গতকাল শুক্রবার রাতে এক সাংগঠনিক নির্দেশে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ জানান, তার অবর্তমানে বা চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালীন দলের কো-চেয়ারম্যান জি এম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।তবে ওই ঘোষণার বিরোধীতা করে জাতীয় পার্টির মহাসচিক বলেন, ‘এটা একটা দল, কোনো পারিবারিক বিষয় না যে, আমি মারা গেলে আমার ছেলে এটার দায়িত্ব পালন করবে। দলের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা এরশাদ সাহেবের যতক্ষণ পর্যন্ত একটি নিশ্বাস আছে, ততক্ষণ পর্যন্ত উনি চেয়ারম্যান হিসেবে থাকবেন।’এরশাদের অবর্তমানে দলের সিদ্ধান্ত দেশের সব কমিটি মিলে নেবে উল্লেখ করে মশিউর রহমান রাঙ্গা বলেন, ‘উনার অবর্তমানে আমরা কী করব, সেটা সারা বাংলাদেশে আমাদের যত কর্মী রয়েছে এবং যতগুলো জেলা রয়েছে, সব জেলা-উপজেলা পর্যায়ে যত কমিটি আছে, আমরা একটা সাধারণ সভা করব; সাধারণ সভা করে আমরা চেয়ারম্যান নির্ধারণ করব। এই হলো দলের নিয়ম, গঠনতন্ত্রের সিস্টেম।’
এর আগে গত ৪ এপ্রিল জি এম কাদেরকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয়। ওই দিন পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গত ২২ মার্চ পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে নিজ ভাই জি এম কাদেরকে সরিয়ে দেন এরশাদ। পরের দিন সংসদের বিরোধীদলের উপনেতা পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়।এরপর ২৭ মার্চ রংপুরে জি এম কাদেরকে কো-চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়ায় প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যানের ওই সিদ্ধান্তের বিরোধীতা করে আন্দোলনের ঘোষণা দেন রংপুর সিটি করপোরেশন (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। পরে আন্দোলনের মুখে জি এম কাদেরকে পুনর্বহাল করা হয়।