
নিউজ ডেস্ক: গত ২৮ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ অকার্যকর থাকলেও এ সময়ে শিক্ষার্থীদের কাছ থেকে ঠিকই ফি নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। এসব অর্থ আয় ও ব্যয়ের অডিট দাবি করেছেন ডাকসুর নবনির্বাচিত নেতারা। ডাকসুর একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।গতকাল রোববার দুপুরে ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের সভাকক্ষে বাজেট প্রণয়ন নিয়ে আয়োজিত এক বৈঠকে এ দাবি জানান তারা। ডাকসুর কোষাধ্যক্ষ ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ডাকসুর প্রথম বাজেট সভায় ডাকসুর ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসেন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার, সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ ডাকসুর ২৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
জানা যায়, ঢাবিতে ভর্তির সময় প্রতিবছর শিক্ষার্থীদের কাছ থেকে ডাকসু ও হল সংসদ ফি বাবদ ৬০ টাকা করে ১২০ টাকা নেয়া হয়েছে।সর্বশেষ ডাকসু নির্বাচনের তথ্য অনুযায়ী- অনার্স, মাস্টার্স, এমফিল ও বিভিন্ন কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থী রয়েছে ৪৩ হাজার ২৫৬ জন। এর বাইরে পিএইচডি ও বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছেন ৫-৭ হাজার শিক্ষার্থী।সব মিলিয়ে ৫০ হাজার শিক্ষার্থীর কাছ থেকে ১২০ টাকা করে নেয়া হলে বাৎসরিক অর্থ আদায়ের পরিমাণ দাঁড়ায় ৬০ লাখ টাকা। তবে বর্তমান সময়ের চেয়ে অতীতে ছাত্র সংখ্যা কিছুটা কম ছিল। সেই হিসাবে ২৯ বছরে প্রতিবছর ৩৫ হাজার শিক্ষার্থীর কাছ থেকে ফি নেয়া হলে টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় ১২ কোটি টাকা। এর বাইরে বিভিন্ন কোর্স ও অনিয়মিত শিক্ষার্থীদের কাছ থেকেও ডাকসু ও হল সংসদের ফি নেয়া হয়েছে।
ডাকসুর কার্যক্রম না থাকলেও প্রতিবছর ডাকসুর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও আনুষঙ্গিক ব্যয় খাতে বিশ্ববিদ্যালয় অর্থ বরাদ্দ রাখে। বিশাল এ অর্থ বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন কোন খাতে খরচ করেছে তা জানেন না শিক্ষার্থীরা। একই বিষয়ে ওয়াকিফহাল নন নবনির্বাচিত ডাকসুর প্রতিনিধিরাও।সূত্র জানায়, ছাত্র প্রতিনিধিরা ক্যাম্পাসে মাদক সমস্যা সমাধান এবং ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ নিয়ে আলোচনা করেন। আলোচনায় স্থান পায় বহিরাগত যান চলাচল নিয়ন্ত্রণের বিষয়টিও। বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল করার জন্য পুরো ক্যাম্পাস ওয়াইফাইয়ের আওতায় আনার দাবি জানান ছাত্র প্রতিনিধিদের অনেকে।এর বাইরে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর জন্য স্বাস্থ্য বীমা চালু, গরিব ও অসহায় শিক্ষার্থীদের বিভিন্নভাবে বৃত্তির ব্যবস্থা, লেখালেখির সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের সহযোগিতা, বিশ্ববিদ্যালয়ে এলাকায় জো’বাইক সেবা চালু ও বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠগুলোর বাণিজ্যিকীকরণ বন্ধের জোর দাবি ওঠে সভায়।এ বিষয়ে ডাকসুর ভিপি নুরুল হক নুর বলেন, ডাকসুর সম্পাদকদের কার কী কাজ তা অনেকেই জানেন না। আমরা শুরুতেই এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। এছাড়া আমরা গরীব এবং মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন সোর্স থেকে বৃত্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছি। একই সাথে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে যারা লেখালেখি করে তারা যেন বই লিখতে আগ্রহী হয় সেজন্য তাদের একটা ফান্ড দরকার। আমরা যাতে তাদের সহযোগিতা করতে পারি সে বিষয়টি নিয়েও কথা হয়েছে।
নুর বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোর ক্যান্টিন এবং ক্যাফেটরিয়ার খাবারের মান খুবই খারাপ। এসব মালিকদের ডেকে তাদের সাথে আলোচনা করে খাবারে মূল্য এবং মানের বিষয়টি ঠিক করার প্রস্তাব দিয়েছি। এছাড়াও ডাকসুর সংগ্রহশালার কমিটি করে স্মৃতিগুলো সংরক্ষণ, ক্যাম্পাসে যানচলাচল নিয়ন্ত্রণ, বহিরাগত নিয়ন্ত্রণ এবং ছিনতাই প্রতিরোধে প্রশাসনকে পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছি।অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে ইতিবাচক সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে বছরে এক কোটি ৪৫ লাখ টাকার বাজেট পেশ করেন ডাকসুর সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার।ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন বলেন, গত ২৮ বছর ধরে ডাকসু অচল থাকলেও এতোদিন ধরে শিক্ষার্থীরা ডাকসু ও হল সংসদের ফি দিয়ে আসছে। কিন্তু ডাকসু অকার্যকর থাকায় এসব টাকার বিষয়ে ধোঁয়াশা রয়েছে। তাই এই টাকা কোন কোন খাতে ব্যয় হয়েছে তা খতিয়ে দেখার জন্য আমরা অডিট করার দাবি জানিয়েছি।