
নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় আজ সোমবার দুপুরে আরিফুল ইসলাম নামের এক এইচএসসি পরীক্ষার্থীকে মারধর করেছে সন্ত্রাসীরা। এতে বাধা দিলে পাদুকা ব্যবসায়ীদের ওপরও হামলা চালায় তারা।এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পাদুকা ব্যবসায়ীরা। এতে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে বিক্ষোভ মিছিল করে তারা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত সাদমীনকে জানায়। খবর পেয়ে পুলিশে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে প্রায় ৪০ মিনিট পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, হাজী আসমত কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা শেষে এইচএসসি পরীক্ষার্থী আরিফুল ইসলাম কলেজের ফটকের সামনে থেকে অটোরিকশায় উঠার সময় অজ্ঞাত পরিচয় পাঁচ-ছয়জন যুবক তাঁর ওপর হামলা চালায়। তারা আরিফুলকে কলেজ সংলগ্ন আজিজ সুপার পাদুকা মার্কেটের সামনে এনে বেধরক মারপিট করে।এ ঘটনা দেখে মার্কেটের সভাপতি আমিনুল ইসলাম দুলাল প্রতিবাদ করেন। বহিরাগত যুবকরা তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে মার্কেটে হামলা চালায়। এতে তিনি, জয়নাল মিয়া, জামাল মিয়াসহ অন্তত পাঁচজন পাদুকা ব্যবসায়ী আহত হন। পরে বিচারের দাবিতে ব্যবসায়ীরা মার্কেটের দোকানপাট বন্ধ করে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। পরে মিছিল নিয়ে ইউএনও ইসরাত সাদমীনকে বিষয়টি জানান।
হামলার বিষয়ে উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামের বাসিন্দা এবং ওই এলাকার জেড রহমান পিবিএল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আরিফুল ইসলাম কিছুই জানাতে পারেননি। তবে তিনি ধারণা করে বলেন, দেড় বছর আগে জেড রহমান পিবিএল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া আইস কোম্পানি মোড় এলাকার কিছু যুবকের গণ্ডগোল হয়েছিল। ওই ঘটনার জের ধরে তাঁর ওপর হামলা হতে পারে।এ প্রসঙ্গে ভৈরবের ইউএনও ইসরাত সাদমীন বলেন, মার্কেটের পাদুকা ব্যবসায়ীরা বিষয়টি আমাকে জানিয়েছেন। দেখছি কীভাবে এর সুরাহা করা যায়।