News71.com
 Bangladesh
 09 Apr 19, 07:33 AM
 84           
 0
 09 Apr 19, 07:33 AM

অগ্নিঝুঁকিতে সচিবালয়ের ভবন, টনক নড়েছে প্রশাসনের শীর্ষ কর্তাদের।

অগ্নিঝুঁকিতে সচিবালয়ের ভবন, টনক নড়েছে প্রশাসনের শীর্ষ কর্তাদের।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সচিবালয়ে থাকা ভবনগুলোর অগ্নিনিরাপত্তা নিয়ে শিগগিরই বৈঠকে বসতে যাচ্ছেন প্রশাসনের শীর্ষ কর্তারা। তবে বৈঠকের তারিখ নির্ধারণ হয়নি। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে করা ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানিয়েছেন। সম্প্রতি পুরান ঢাকার চকবাজার ও বনানীর এফআর টাওয়ারে অগ্নি দুর্ঘটনার পর ঢাকায় আরো কয়েকটি আগুনের ঘটনা ঘটে। এর পর থেকেই রাজধানীর বহুতল ভবনগুলোর অগ্নিনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। প্রধানমন্ত্রী নিজেই সচিবালয়ের ২১ তলা ভবনের অগ্নিনিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল ‘আগুনে নিরাপদ নয় সচিবালয়ও’ শিরোনামে সরেজমিন অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়, যা প্রশাসনের অনেকের নজরে আসে। অন্য ঝুঁকির বিষয়ে শফিউল আলম বলেন, ভবনটি ভবন-১ ৬০-৭০ বছরের পুরনো হওয়ায় এতে ভূমিকম্পের ঝুঁকি আছে। এ কারণে প্রধানমন্ত্রীকে এই ভবনে আনা হয় না। ভূমিকম্পের বিষয়ে তিনি বলেন, ডাউকীতে যে প্লেট আছে সেখানে ভূমিকম্প নাড়া দিলে সেটির কম্পন ঢাকায় আসতে দুই মিনিট লাগবে। দুই মিনিট আগে যদি আমরা সিগন্যাল পাই তাহলে আমরা বের হয়ে যেতে পারব। দুই মিনিট আগে সিগন্যাল পাওয়ার প্রযুক্তি আমাদের আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আছে।

সচিবালয়ে অগ্নিঝুঁকি নিয়ে অনুষ্ঠিতব্য বৈঠকের বিষয়ে মন্ত্রিপরিষদসচিবের কাছে জানতে চাইলে তিনি বলেন, অগ্নিঝুঁকির বিষয়টি নিয়ে আমরা সচিবরা বসব। ঠিক কবে বসব, তা নির্ধারণ হয়নি। তিনি বলেন, আপনারা একটি বিষয় জানেন যে পিডাব্লিউডির সব ভবনেই বৈদ্যুতিক আগুন যাতে না ছড়ায় তার জন্য সার্কিট ব্রেকার আছে। অর্থাৎ কোনো কারণে শর্টসার্কিট হলে অটোমেটিক্যালি বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, কাজেই ঝুঁকি কম। গত ১ এপ্রিল মন্ত্রিসভার ষষ্ঠ বৈঠকে প্রধানমন্ত্রী সচিবালয়ের ভবনগুলোর অগ্নিনিরাপত্তা নিয়ে তোলা প্রশ্নের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রিপরিষদসচিব বলেন, এটা আমাদের দেশের কমন সমস্যা। ভবনগুলোর অবস্থা ম্যাচ বাক্সের মতো, কোনো জানালাটানালা নেই, কাচ দিয়ে ঘেরা। বনানীর এফআর টাওয়ারে দেখেছেন যাঁরা বের হতে চেয়েছেন তাঁদের কাচ ভেঙে বের হতে হয়েছে। মন্ত্রিপরিষদসচিব জানান, একটু খোলামেলা রাখা, বারান্দা রাখা—এসব বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, সচিবালয়ে যে ভবনগুলো হয়ে গেছে সেগুলোতে তো কিছু করা যাবে না। তবে সচিবালয়ে মসজিদের পাশে নতুন একটি ২০ তলা বিল্ডিং হবে। এই বিল্ডিংয়ে এ বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হবে। এদিকে সরকারের প্রথম তিন মাসে অর্থাৎ গত ৭ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত মন্ত্রিসভার বৈঠকে গৃহীত ৩৬টি সিদ্ধান্তের মধ্যে ২৪টি বাস্তবায়িত হয়েছে। অন্য সিদ্ধান্তগুলো বাস্তবায়নাধীন। মন্ত্রিপরিষদসচিব বলেন, গত তিন মাসে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৬.৬৭ শতাংশ। এই সময়ে দুটি নীতিমালা এবং একটি সমঝোতা স্মারক চুক্তি সম্পাদিত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন