News71.com
 Bangladesh
 10 Apr 19, 12:40 PM
 106           
 0
 10 Apr 19, 12:40 PM

বাংলাদেশ সরকারের লাইসেন্স নিয়ে ব্যবসা করতে হলে আইন মানতেই হবেঃ তথ্যমন্ত্রী  

বাংলাদেশ সরকারের লাইসেন্স নিয়ে ব্যবসা করতে হলে আইন মানতেই হবেঃ তথ্যমন্ত্রী   

নিউজ ডেস্কঃ ডাউন লিংক করে দেখানো বিদেশি চ্যানেলে কোনও বিজ্ঞাপন প্রচার করা যাবে না। বাংলাদেশ সরকারের লাইসেন্স নিয়ে ব্যবসা করতে হলে আইন মানতেই হবে। বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ বুধবার সচিবালয়ে টেলিভিশন চ্যানেল মালিক সমিতির অ্যাটকো নেতাদের সঙ্গে এক বৈঠকে এ তথ্য জানান তিনি। বিদেশি চ্যানেল প্রদর্শনের সময় বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ রেখে ২০০৬ সালে ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক আইনকরে সরকার। নিষিদ্ধ হওয়ার পরও ১৩ বছর ধরে তা মানা হচ্ছিল না। দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে এ অপকর্ম করে আসছিল একটি চক্র। ফলে দেশের টেলিভিশন চ্যানেলগুলো অর্থিক ক্ষতির মুখোমুখি হওয়ার পাশাপাশি পাচার হচ্ছিলো মোটা অংকের অর্থ। টিভি চ্যানেলগুলোর ক্রমাগত আপত্তির মুখে অবশেষে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। শুরু হয় আইনের বাস্তবায়ন। চলতি এপ্রিলের শুরুতে তথ্য মন্ত্রণালয় দুটি পরিবেশক ডিস্ট্রিবিউটর সংস্থা ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেড এবং জাদু ভিশন লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়।

তথ্যমন্ত্রী বলেন, আইন অনুযায়ী ডাউন লিংক করে দেখানো বিদেশি চ্যানেলে কোনও বিজ্ঞাপন প্রচার করা যাবে না। এ ধরনের আইন অন্যান্য দেশেও আছে। আমরা শুধু আইন বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছি। আমরা কোনও টিভি চ্যানেল বন্ধ করিনি। তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের লাইসেন্স নিয়ে ব্যবসা করতে হলে আইন মানতেই হবে। তিনি ফের বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধে আইন প্রয়োগের বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানান। বৈঠকে অ্যাটকোর নেতারা বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধের বিষয়ে আইন প্রয়োগে সরকারি সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়নের অনুরোধ করেন। একই সঙ্গে তারা কেবল অপারেটর ব্যবস্থা ডিজিটাল করার জন্য পদক্ষেপ নিতে আবেদন জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন