
নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আবহাওয়া অধিদফতর এক বিশেষ বুলেটিনে এ নির্দেশনা দেয়ার পর ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি নিতে উপকূলীয় জেলাগুলোয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুক্র ও শনিবারের নিয়মিত সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি জেলা-উপজেলা-ইউনিয়ন পর্যায়ের দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত কমিটিকে প্রয়োজনীয় সহায়তার দিতে কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের কর্তব্যরত পূর্বাভাস কর্মকর্তা জানান, তারা সার্বক্ষনিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এটি কখন, কোথায় আঘাত হানতে পারে-তা নিয়ে আগাম কিছু বলা যাচ্ছে না। "ঘূর্ণিঝড়টি ঊপকূলে আঘাত হানার শঙ্কা যেমন রয়েছে, তেমন প্রচুর বৃষ্টি ঝরিয়ে দুর্বল হওয়ার সম্ভাবনাও রয়েছে। এ নিয়ে চূড়ান্ত পূর্বাভাসের আগে আরও কিছু সময় পর্যবেক্ষণ করতে হবে।”
আবহাওয়া অফিস সুত্রে জানাগেছে ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে । কতকাল বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘রোয়ানু’উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১৫.৫ উত্তর অক্ষাংশ এবং ৮১.৫ পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আবহাওয়া অধিদফতরের বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, রোয়ানু চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১ হাজার ৩শ ৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩শ ৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১শ ৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২শ ১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি আরো ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসহ হওয়ার সম্ভবনার কথাও বলা হয় বুলেটিনে।
সংবাদ বুলেটিনে আরো জানানো হয়েছে , ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার; যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সর্ব শেষ রাত ৮টায় বিশেষ বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি স্থির থেকে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকার পরামর্শও দেয়া হয়েছে এই বিশেষ বার্তায় ।