
নিউজ ডেস্কঃ নজরদারি বাড়ায় দেশে আন্তর্জাতিক কল আগের চেয়ে কমেছে। গত মার্চ মাসেও বৈধ পথে দৈনিক কলের পরিমাণ ছিল গড়ে ৮ কোটি মিনিট। সেখানে চলতি মাসের প্রথম সপ্তাহে ইনকামিং কলের পরিমাণ দাঁড়িয়েছে দৈনিক গড়ে ৭ কোটি ৪৭ লাখ মিনিট। ফলে সরকারের রাজস্ব কমেছে। বিটিআরসি সূত্রে এ তথ্য প্রকাশ করেছে।
সূত্র অনুযায়ী, ২০১১ সালে দেশে আসা আন্তর্জাতিক কলের পরিমাণ ছিল দৈনিক গড়ে ৪ কোটি ৬১ লাখ মিনিট। ২০১২ সালে তা কমে দাঁড়ায় সাড়ে তিন কোটি মিনিটে। ২০১৩ সালে দৈনিক আন্তর্জাতিক কলের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৪ কোটি ৬৫ লাখ মিনিটে। পরের বছর ২০১৪তে তা আরো বেড়ে দাঁড়ায় ৭ কোটি মিনিটে। এরপর ২০১৫ সালের মাঝামাঝি দেশে আসা আন্তর্জাতিক কলের পরিমাণ বেড়ে দাঁড়ায় দৈনিক ১২ কোটি মিনিটে।
এ বিষয়ে বিটিআরসির মুখপাত্র ও সচিব সারোয়ার আলম জানান, অবৈধ পথে আসা আন্তর্জাতিক কল কমাতে ২০১৪ সালের জুলাইয়ে মন্ত্রণালয়ে কল টার্মিনেশন চার্জ কলপ্রতি ১ দশমিক ৫ সেন্ট নির্ধারণের প্রস্তাব দিয়েছিলাম আমরা। এ সময় মিনিটপ্রতি সর্বনিম্ন রেট (ফ্লোররেট) ৩ সেন্ট থেকে কমিয়ে দেড় সেন্ট করা হয়। পাশাপাশি কল আদান-প্রদান সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের আয় ভাগাভাগির অংশও অস্থায়ী ভিত্তিতে পুনর্নির্ধারণ করা হয়। একই সঙ্গে পুনর্নির্ধারণ করা হয় অপারেটরদের সঙ্গে বিটিআরসির রাজস্ব ভাগাভাগির কাঠামো।
উল্লেখ্য, এ নিয়ম চালুর পর দৈনিক আন্তর্জাতিক ইনকামিং কলের পরিমাণ দাঁড়ায় গড়ে ১১ কোটি মিনিট। এতে কলের পরিমাণ বাড়লেও সরকারের আয় কমে যায়। আর পরীক্ষামূলকভাবে চালু করা এ ব্যবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে একাধিকবার।