
সরকার সুমন : ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে মানুষের বাড়ীঘর ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি ছাড়াও বেশকিছু মানুষের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন সহস্রাধিক মানুষ। আজ সকাল ও গত রাতে এই ঝড়ে দেয়াল ধস, গাছ চাপা ও জোয়ারের জলে ডুবে চট্টগ্রামে ৯, নোয়াখালীতে ৩, ভোলায় ৩, কক্সবাজারে ২, পটুয়াখালীতে ১ এবং লক্ষ্মীপুরে ১জন সহ বেশকিছু মানুষের প্রানহানীর ঘটনা ঘটেছে। এছাড়াও মানুষের বাড়ীঘর, গবাদি পশু, ফসল ও চিংড়িঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রানহানী ও সহায় সম্পদের ক্ষতির পাশাপাশি ফসলের ও চিংড়ি চাষিদেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে মৎস অধিদপ্তর । চিংড়ি চাষের মৌসুমের কারনে অতিরিক্ত জলের চাপে অনেক চিংড়ি খামার জলে ভেসেগেছে। ফলে ক্ষয়ক্ষতির পরিমান অনেক বাড়বে বলে আশংকা করা হচ্ছে। উল্লেখ্য প্রতিবছর ফেব্রুয়ারী-মার্চ মাস থেকে চিংড়ি মৌসুম শুরু হয়ে তা জুলাই-আগস্ট মাস পর্যন্ত চলে। আর ঘুর্নিঝড় রোয়ানু এবার একদম ভরা মৌসুমে আঘাত হানার কারনে উপকুলের চিংড়ি চাষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অতিরিক্ত জোয়ারের জলে ভেসে গেছে অসংখ্য চিংড়ি খামার। প্রাথমিক ভাবে এই ক্ষয়ক্ষতির সঠিক হিসাব না মিললেও তা কয়েক'শ কোটির অংক ছাড়িয়ে জাবে বলে আশংকা করা হচ্ছে ।
এদিকে আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ আজ দুপুর ২টায় জানান, ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম শুরু করেছে। চট্টগ্রাম উপকূলের সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, সীতাকুণ্ডু ও ফেনী উপকূল দিয়ে স্থলভাগে উঠে এসেছে।
ঘূর্ণিঝড়ের সময় ষোলশহরে এক পথশিশু ও সীতাকুণ্ডে মা-ছেলের মৃত্যু হয়েছে। আজ সাড়ে ১২টার দিকে পাঁচলাইশে চট্টগ্রাম শপিং কমপ্লেক্সের কাছে একটি বাসার ছাদ থেকে আসা ইঁটের আঘাতে রাকিব (১১) নামে ওই শিশু গুরুতর আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কতব্যর্রত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম।
এর আগে ভোরে উপজেলার জঙ্গল ছলিমপুরের পাহাড়ি এলাকা কালাপানিয়া লোকমানের ঘোনা এলাকায় ঘড়ের উপর গাছ ভেঙ্গে পড়ে মা-ছেলের মৃত্যু হয়। এরা হলেন- স্থানীয় মোহাম্মদ রফিকের স্ত্রী কাজল বেগম (৪৮) ও তার ছেলে বেলাল হোসেন বাবু (১০)। সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ভুঁইয়া জানান, গাছ ভেঙে পড়লে ঘরের খুঁটি ভেঙে যায়। এতে ঘরের মধ্যেই চাপা পড়ে দুজনের মৃত্যু হয়।
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় ঘূর্ণিঝড় রোয়ানু’র প্রভাবে সৃষ্ট জোয়ারের জলে ডুবে নারী-শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এরা হলেন, জাহাজমারা ইউনিয়নের মাহফুজা বেগম (৫১) এবং চানন্দী ইউনিয়নে মিনারা বেগম (৪০) ও রুমা বেগম (৯)। হাতিয়া থানার ওসি আরিছুল হক এ খবর নিশ্চিত করেছেন।
ভোলায় গতকাল শেষরাতের দিকে প্রবল ঝড়ো হাওয়া শুরু হলে তজুমদ্দিনে ঘর ও গাছ চাপা পড়ে ২জনের মৃত্যু হয়। এরা হলেন- চাঁদপুর ইউনিয়নের শশিগঞ্জ গ্রামের নয়নের স্ত্রী রেখা বেগম (৩৫) ও মফিজের ছেলে আকরাম (১৪)। এদিকে দৌলতখান উপজেলারে জয়নগর গ্রামে ঘর চাপা পড়ে রেনু বিবি (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ দুপুর ১টার দিকে তিনি মারা যান।
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন। আজ বেলা ৩টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন। এরা হলেন, উপজেলার উত্তর ধুরুং এলাকার আবদুর রহিমের ছেলে মো. ইকবাল (২৫), উত্তর কৈয়ার বিল এলাকার ফয়েজুর রহমানের ছেলে ফজলুল হক (৫৫)। ইকবাল দেয়াল চাপায় এবং ফজলুল নৌকার ধাক্কায় নিহত হয়েছেন বলে জানান জেলা প্রশাসক।
পটুয়াখালীতে সকালে প্রবল ঝড়ো হাওয়ার মধ্যে ঘর ভেঙে পড়লে পটুয়াখালী দশমিনা উপজেলার সদর ইউনিয়ন লক্ষ্মীপুর গ্রামে নয়া বিবির (৫২) মৃত্যু হয়। ঝড়ে ওই এলাকার ১০-১২টি ঘর বিধ্বস্ত হয়েছে।
লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ঝড়ো হাওয়ায় গাছ উপড়ে লক্ষ্মীপুর সদর উপজেলায় ১জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১জন। আজ উপজেলার উত্তর তোওয়ারিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার উল্লাহ (৫৫) ওই এলাকার বশির উল্লাহর ছেলে।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ৬ জনের প্রাণহানি হয়েছে। কানকানাবাদ ইউনিয়নের প্রাইমাশিয়া গ্রামে আবু সিদ্দিক (৫০), বুলু আক্তার (৫০) ও জালালউদ্দিনসহ (৫৬) দুই শিশুর প্রাণহানি হয়েছে। এছাড়া উপজেলার অন্য একটি ইউনিয়নে ১জনের মৃত্যু হয়েছে।