
নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনসহ দুর্নীতির অভিযোগে আবারও অনুসন্ধানে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
তিনি জানান, অভিযোগ অনুসন্ধানে দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমকে অনুসন্ধান কর্মকর্তা এবং পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ফালুর বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে বিভিন্ন ব্যবসার নামে রাজস্ব ফাঁকি দিয়ে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া শেয়ার মার্কেট থেকে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০০৭ সালে মোসাদ্দেক আলী ফালুর অর্জিত সম্পদের অনুসন্ধান করে দুদক। এরপর ২০০৭ সালের ৮ জুলাই জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিঝিল থানায় তার বিরুদ্ধে মামলা করে দুদক ।
ওই মামলায় তার বিরুদ্ধে ১৪ কোটি ৯৫ লাখ ৮২ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ৪ কোটি ৫৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি ওই মামলায় অভিযোগপত্র দেওয়া হলে আদালত তা আমলে নেন। পরে মামলাটি বাতিল চেয়ে ফালুর করা আবেদনের প্রেক্ষিতে ২০১২ সালের ১৯ জানুয়ারি হাইকোর্ট ওই মামলা বাতিল ঘোষণা করে রায় দেন। ২০১২ সালের ২০ মার্চ দুদক এর বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে। ওই আবেদনের শুনানি শেষে ২০১৫ সালের ২৭ আগস্ট প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন ৪ সদস্যের বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল নিষ্পত্তি করে আদেশ দেন। রায়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেন আপিল বিভাগ মামলা অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়।