
নিউজ ডেস্কঃ খুলনার সরকারি করোনেশন বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ত্রিকোণমিতি বিষয়ের নির্ধারিত শিক্ষক বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় রয়েছেন। আজ নবম শ্রেণির (দিবা) ক শাখার নির্ধারিত শিক্ষকের অনুপস্থিতিতে অন্য বিষয়ের একজন শিক্ষক সেই ক্লাসটি নিচ্ছিলেন ।
ঠিক সেই সময় স্কুলে আকস্মিক পরিদর্শনে আসেন খুলনার জেলা প্রশাসক (ডিসি) নাজমুল আহসান। তিনি শিক্ষকের অনুপস্থিতির বিষয়টি জানতে পেরে তার বিষয়ে পড়ানোর সুযোগ পেয়ে ক্লাসে ঢুকে পড়েন। ছাত্রীদের সঙ্গে ত্রিকোণমিতির মৌলিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেন। নির্ধারিত পুরো সময় ধরে ক্লাস নেন জেলা প্রশাসক। বিষয়টি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। এদিকে জেলা প্রশাসক ক্লাস নেওয়ার বিষয়টি তার ফেসবুক আইডিতে ছবিসহ আপলোড করায় তাকে অনেকেই অভিনন্দন জানিয়েছেন ।
ফেসবুক আইডিতে জেলা প্রশাসক নাজমুল আহসান যা লিখেছেন তা হলো- ‘ত্রিকোণমিতি- আমার প্রিয় একটি বিষয়। আজ দুপুর সাড়ে ১২টায় খুলনার খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান করোনেশন গার্লস স্কুল আকস্মিক পরিদর্শনকালে জানতে পারলাম, ৯ম শ্রেণির (দিবা) ক শাখার ত্রিকোণমিতি বিষয়ের নির্ধারিত শিক্ষক বিজ্ঞান ও প্রযুক্তি মেলার স্টলে রয়েছেন, তাই অন্য বিষয়ের একজন শিক্ষক সেই ক্লাসটি নিচ্ছেন। ওই ক্লাসে আমার সন্তানতুল্য ছাত্রীদের সঙ্গে ত্রিকোণমিতির মৌলিক কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম/পড়ানোর চেষ্টা করলাম।
ত্রিকোণমিতির মৌলিক বিষয়গুলোতে ছাত্রীদের অনেকের response ভালো, তবে সকলের নয়। ওদের কাছে আমার প্রত্যাশা আরো অনেক বেশি। প্রতিটি বিষয়ের মৌলিক অংশ (Basic) সম্পর্কে ছাত্র/ছাত্রীদেরকে আরো দক্ষ করে গড়ে তোলার বিষয়ে যত্নশীল হওয়ার জন্য খুলনা জেলার সকল সম্মানিত অভিভাবক ও শিক্ষকদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।নাজমুল আহসান, জেলা প্রশাসক, খুলনা’। খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, ‘আমি চাকরি জীবনের প্রথম ৭ মাস কলেজে শিক্ষকতা করেছি। আমার শিক্ষকতা পেশা ভীষণ প্রিয়’।প্রশাসন ক্যাডারে না এলে শিক্ষকতা করতেন বলেও জানান তিনি।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, খুলনা অঞ্চলের পরিচালক টিএম জাকির হোসেন বলেন, জেলা প্রশাসকের এ বিষয়টি অবশ্যই মহৎ এবং প্রশংসার দাবিদার ।