
নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুরে স্কুল ছাত্রী কনিকা রানীর হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে মানববন্ধন, সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
বাংলাদেশ শিক্ষক সমিতির আয়োজনে প্রায় দেড়ঘন্টাব্যাপি মানববন্ধনে জেলা শহরের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।সমাবেশে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুরে গত শুক্রবার সকালে স্কুল ছাত্রী ধাইনগর গ্রামের লক্ষণ ঘোষের মেয়ে কনিকা রানী ঘোষ কে কুপিয়ে হত্যা করে বালুগাঁ দিয়াড় গ্রামের বখাটে আব্দুল মালেক। এসময় কনিকার ৩ সহপাঠি একই গ্রামের আব্দুল খালেকের মেয়ে তারিন আফরোজ, অরুনবাড়ি মহিপুর গ্রামের মোঃ তাজেমুল হকের মেয়ে তানজিমা আক্তার ও বেহুলা গ্রামের মোকবুল হোসেনের মেয়ে মরিয়ম আক্তারকে কুপিয়ে গুরুতর আহত করে। এরা মহিপুর এস এম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানান বক্তারা।তারা অবিলম্বে ঘাতক মালেককে বিচারের আওতায় এনে দুষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
উক্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলাম, নিহত কনিকার চাচা বিজয় ঘোষ, শিক্ষক সমিতির চাঁপাইনবাবগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আসলাম কবিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলামের মাধ্যমে শিক্ষক নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, ৪ ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে মহিপুর এলাকায় আব্দুল মালেক তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কনিকা রানী ঘোষকে মৃত ঘোষনা করেন। আহত তারিন আফরোজ, তানজিমা ও মরিয়মকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওসি আরও জানান, ঘাতক আব্দুল মালেক একজন মাদকাসক্ত। তবে ঘটনার মূল কারণ এখনও জানা যায়নি। ঘটনার সময় স্থানীয় লোকজন ঘাতক আব্দুল মালেককে আটক করে পুলিশে সোপর্দ করে।এঘটনায় নিহত কনিকা রানীর মা অঞ্জলি রানী বাদী হয়ে গত শুক্রবার রাত ১০টার দিকে আব্দুল মালেকের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।