
উজ্জ্বল সরকার: আজ ৩১ মে বিশ্বের প্রতিটি দেশে পালিত হয় বিশ্ব তামাক মুক্ত দিবস। তবে ঢাকঢোল পিটিয়ে এই দিবস পালিত হলেও এবং সবাই এর ক্ষতিকর প্রভাব জেনেও এর মোহ কাটাতে পারছেন না অনেকেই। কিছুদিন পূর্বে প্রকাশিত হওয়া এক প্রতিবেদনে তামাকের ভয়াবহতার চিত্র উঠে এসেছে, তা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেই প্রতি মাসে কোটি টাকার সিগারেট বিক্রি হয়।
আর এর ৯০ শতাংশই কিনে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। কি জানি কি , মোহের ছলনায় তারুণ্য বারংবার বিভ্রান্ত হচ্ছে মাদকের গোলক ধাঁধায়। অনেক সম্ভাবনার অকাল মৃত্যু যেমন ঘটছে ঠিক তেমনি মাদকের জন্য স্তিমিত হয়ে যাচ্ছে কত না মানুষের জীবন। তামাকের কারণে অকাল মৃত্যু কখনই কাম্য হতে পারে না ।
তামাকের কারণে প্রতিনিয়তই মরিচীকায় পতিত হচ্ছে তরুণদের স্বপ্ন। এক সমিক্ষায় দেখা গেছে ১৫ থেকে ২৫ বছর বয়সী ধূমপায়ীর সংখ্যা বাড়ছে। কারণ হিসেবে যে সমস্যাগুলো চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা, সেগুলো হলো কৈশোর কিংবা তারুণ্যের অহেতুক খেয়ালিপনা,প্রেমে ব্যর্থতা, বন্ধদের অসৎ প্ররোচণা, পারিবারিক দায়িত্বহীনতা, বাবা-মায়ের সম্পর্কের বিচ্ছেদ, নায়কোচিত মনোভাব, অতি আধুনিকতার ব্যর্থ আস্ফালন, নিঃসঙ্গতা, সৃজনশীলতার বিকাশ মনে করা ইত্যাদি।
যে ছেলেটি কিংবা মেয়েটি আপনার জীবন থেকে হারিয়ে গেছে তার জন্য অশ্রুর রোদন থাকতে পারে, স্মৃতিকাতরতার আস্ফালন থাকতে পারে, কিন্তু মাদক গ্রহণ করে তাকে ভুলে থাকার ইচ্ছেটা জীবনের সবচেয়ে বড় বোকামি । অন্যদিকে কেউ কেউ মাদককে সৃজনশীল কাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করেন, যা হাস্যকর বৈ কিছু নয়। কৈশোরে অজানাকে জানার অহেতুক কৌতূহলে যে জিনিসটি বিষাক্ত অজগর হয়ে গিলে ধরে সবাইকে, তা হলো তামাক ।
নিজেকে জাহির করা, কখনো অভিমান, হতাশা আর নিঃসঙ্গতার সঙ্গী খোঁজার ছলে দুই আঙুলের ফাঁকে আটকে যায় তামাকের যমজ সিগারেট। সহজ নিঃশ্বাসের দরজায় ঢুকিয়ে দেয় বিষাক্ত নিকোটিন। তারুণ্যের মুগ্ধ পথচলায় মাদক প্রায়শই রোদেলা দুপুরের আলোতে গোধূলি হয়ে দেখা দেয়।
তামাক কখনই বন্ধু হতে পারে না। সিগারেটের সঙ্গে কোনো রোমাঞ্চ বা সখ্যতা থাকতে পারে না। এক তামাকই একটি জাতিকে ধ্বংস করার জন্য যথেষ্ট। যে তরুণ সমাজ আজ মাদকের নেশায় বুঁদ হয়ে থাকছে, তারাদেরই তো ভবিষ্যতে জাতিকে নেতৃত্ব দেয়ার কথা ।
দেশকে তামাকমুক্ত করতে হলে সরকার ও সমাজের সচেতন নাগরিকদের সমন্বিত কর্মপরিকল্পনার কোনো বিকল্প নেই ।
তামাক দিয়ে তৈরি বিড়ি বা সিগারেটেই মূলত নেশার শুরু হয়। তারপর ক্রমান্বয়ে গাঁজা, চরশ, ফেনসিডিল, হিরোইন, পেড্রোথিন আরও কত কি। সাম্প্রতিক সময়ে ইয়াবা নেশার জগতকে যুক সমাজকে ধ্বংসের বিকট রূপ হয়ে এসেছে। উচ্চ মধ্যবিত্ত ও ধনী পরিবারের মাদকাসক্ত তরুণদের কাছে ইয়াবা বেশ পরিচিতি পেলেও, এর ক্ষতির পরিমাণ কতটা ভয়াবহ তা ইতোমধ্যেই অনেক মাদকাসক্তের মাঝে প্রতিফলিত হয়েছে ।
তামাকে আসক্ত হলে যে রোগগুলো হতে পারে সেগুলো হলো ফুসফুসে ক্যান্সার, উচ্চরক্ত চাপ, গলব্লাডারের ক্যান্সার, মুখের ক্যান্সারসহ চুল পড়ে যাওয়া, ঠোঁট ও দাঁতের মাড়ি কালো হওয়া ছাড়াও সিগারেটের আলকাতরা জাতীয় পদার্থ গলা থেকে মুখাবয়বের সৌন্দর্যহানি ঘটায়। ফুসফুস সব সময়ই নির্মল বাতাস নিতে চায়। কিন্ত তামাকসেবীরা তার বদলে দেয় নিকোটিনের কালো ধোঁয়া। দ্বিধা, ভুলকে প্রশ্রয় না দিয়ে তামাক তথা মাদক থেকে দূরে থাকুন ।
কারণ তামাক কখনই আপনার বন্ধু হতে পারে না। জীবন সুন্দর, তাই সুন্দরকে আলিঙ্গন করুন ভাল কিছুকে ভালবেসে, তামাক গ্রহণ করে নয়। মাদক থেকে একজন তরুণকে ফেরাতে পারে সমাজের সার্বিক সচেতনতা । সবশেষে বলা যায়, ‘নিজেকে ভালবাসুন আর তামাক ব্যবহার থেকে বিরত থাকুন’।