
নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ সীমান্তে রোহিঙ্গা শিবিরের আনসার ক্যাম্পে হামলা চালিয়ে আনসার কমান্ডারকে হত্যা ও ১১টি অস্ত্রসহ ৬৭০ রাউন্ড গুলি লুঠের ঘটনায় নেতৃত্ব দিয়েছেন একজন পাকিস্তানি জঙ্গি। মাওলানা ওমর ফারুক নামের পাকিস্তানি ওই জঙ্গির নেতৃত্বে রোহিঙ্গা জঙ্গিরাই, সেই ঘটনায় জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য দিয়ে স্বীকারোক্তি দিয়েছেন স্থানীয় এক বাসিন্দা।
স্বীকারোক্তিতে ওই বাসিন্দা আরো জানায়, পাকিস্তানি ওই জঙ্গি উখিয়া-টেকনাফ সীমান্তের রোহিঙ্গা শিবিরে অবস্থান নিয়ে রোহিঙ্গা জঙ্গি সংঘটন ‘রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন’ এর সদস্যদের নিয়ে চাঞ্চল্যকর এই হামলার ঘটনা ঘটায়। জঙ্গিরা অস্ত্র সংগ্রহের উদ্দেশেই আনসার ক্যাম্পে হামলা চালিয়েছিল ।
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন জানিয়েছেন আনসার ক্যাম্পে হামলার ঘটনায় গতকাল মঙ্গলবার একজন আসামির জবানবন্দির বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য এডিশনাল ডিআইজি সাখাওয়াত হোসেন গত ১২ মে দিবাগত রাতে আনসার ক্যাম্পে হামলার ঘটনার পর থেকে টেকনাফে অবস্থান নিয়ে লুণ্ঠিত অস্ত্র ও গুলি উদ্ধারসহ ঘটনা তদন্তের কার্যক্রম মনিটরিংয়ের দায়িত্বে রয়েছেন।
তিনি জানান গতকাল কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রদত্ত স্বীকারোক্তিতে এ ঘটনায় জড়িত টেকনাফ সীমান্তের একজন তরুণ সন্ত্রাসী চাঞ্চল্যকর, এসব তথ্য প্রকাশ করেন। টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী গাজিপাড়া গ্রামের ছাবের আহমদ পোয়াইন্যার পুত্র নুরুল আবসার (২০) কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সিরাজ উদ্দিনের নিকট প্রদত্ত স্বেচ্ছামূলক জবানবন্দিতে আরো জানান- টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের আনসার ক্যাম্পে হামলার ঘটনায় তারা কমপক্ষে ৩০ থেকে ৪০ জনের দল জড়িত রয়েছে।
জানাগেছে গত ৫ দিন আগে গোপন সুত্রের সংবাদের ভিত্তিতে পুলিশ নুরুল আবসারকে আটক করে। টানা জিজ্ঞাসাবাদের পর তিনি পুলিশের নিকট এসব তথ্য জানায়।
উল্লেখ্য, গত ১২ মে দিবাগত রাত আড়াইটার দিকে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের আনসার ক্যাম্পে রোহিঙ্গা জঙ্গির দল হামলা চালিয়ে আনসার কমান্ডার আলী হোসেনকে হত্যার পর লুঠ করে নেয় ২টি চাইনিজ এসএমজি, চায়নিজ ৫টি রাইফেল, চায়নিজ এম-২ রাইফেল ৪টি ও ৬৭০ রাউন্ড গুলি। এ ঘটনার পর থেকে পুলিশ, র্যাব ও বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে আসলেও গত ১৮ দিনেও হামলার কারণ জানতে পারছিল না তারা । শেষ পর্যন্ত আদালতে একজন আসামির স্বীকারোক্তি মিলেছে মাত্র।
অভিযোগ উঠেছিল , এ ঘটনার পর থেকেই কক্সবাজারের পুলিশ আনসার ক্যাম্পে হামলার ঘটনাটিকে নিছক একটি ডাকাতির ঘটনা হিসাবেই চালিয়ে আসছিল। এমনকি ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত ধরার জন্যই পুলিশ এতদিন ধরে ব্যাপক অভিযান পরিচালনা করে আসছে।